দলবাজি থেকে করপোরেশনকে দূরে রেখেছি: মনজুর আলম

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম দাবি করেছেন তিনি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করেছেন। করপোরেশনকে সন্ত্রাস, দলবাজি ও দুর্নীতিমুক্ত রেখে নগরের একজন খাদেম হিসেবে জনগণের সেবা করতে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের হালিশহর এলাকায় গণসংযোগে সদ্য বিদায়ী মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ‘যাদের কাছে কোনো পুঁজি নেই তাঁরা অন্যের কাজের সমালোচনা করেন। এভাবে নিজেদের জনপ্রিয়তা তাঁরা বাড়াতে চান।’
গত কয়েক দিন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন বিভিন্ন নির্বাচনী সভা ও গণসংযোগে মনজুর আলমের সমালোচনা করে বক্তব্য দেন।
হালিশহরে গণসংযোগে গিয়ে মনজুর আলম করেন, ‘এখানে বঙ্গোপসাগরের জোয়ারের পানি ওঠে। আমার দায়িত্বকালে নালা-নর্দমা পরিষ্কার, খাল সংস্কার, ড্রেন নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কারের মাধ্যমে এর কিছুটা হলেও সমাধানের চেষ্টা করেছি। এখন আর এখানে জলাবদ্ধতা হয় না।’ তিনি বলেন, ‘উত্তর, দক্ষিণ ও মধ্যম হালিশহরে আমার মেয়াদে শুধু রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, মাটি উত্তোলন, নালা-নর্দমা সংস্কারসহ ১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।’
হালিশহর পোর্ট কলোনি, পোর্ট কলোনি ১২ নম্বর রোড, ইস্ট কলোনি, ৩ নম্বর রোড, মুন্সিপাড়া, চৌচালা, পোর্ট মার্কেট এলাকায় গতকাল সকালে গণসংযোগ করেন মনজুর আলম। এ সময় ভোটারদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে বিভিন্ন আশ্বাস দেন। তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে বাকলিয়া এলাকায় স্টেডিয়াম নির্মাণ ও জাতিসংঘ পার্কে সুইমিংপুল ও জিমনেসিয়াম নির্মাণের কাজ করেছি।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা হাসান মুরাদ, কামাল উদ্দিন, সাহেদা খানম প্রমুখ।
বিকেলে নগরের রীমা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের সব ধর্মের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত চট্টগ্রাম গড়তে। মনজুর আলম সিটি করপোরেশনকে দলীয়করণ না করার কারণে জনগণের কাছে আমাদের মাথা উঁচু হয়ে আছে।’
সভায় মেয়র পদপ্রার্থী মনজুর আলম বলেন, ‘সাম্প্রদায়িকতার কোনো স্থান আমার কাছে নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই অঙ্গীকারে আমি কাজ করেছি। আমাকে আবার নির্বাচিত করলে সে ধারাবাহিকতা রক্ষা হবে। আমি কোন দলের সেটা বড় কথা নয়, আমি আপনাদের হয়ে কাজ করেছি।’
বৌদ্ধ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাংবাদিক অমলেন্দু বড়ুয়ার পরিচালনায় বক্তব্য দেন মহিলা দলের নেত্রী নুরে আরা সাফা, কেন্দ্রীয় বৌদ্ধ ফ্রন্টের আহ্বায়ক পুলক বড়ুয়া, সদস্যসচিব বিপ্লব বড়ুয়া প্রমুখ।