দলবাজি না করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গতকাল শুক্রবার বাগেরহাটে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় তিনি এ আহ্বান জানান।দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা হয়। সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘দলবাজি না করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করুন। আমরা দলবাজি পছন্দ করি না।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি ও জামায়াতে ইসলামী এবং তাদের মুখোশের আড়ালে হেফাজতে ইসলাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ মোজাম্মেল হোসেন, সাংসদ মীর শওকাত আলী, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান ও বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সফরে বাগেরহাট পৌঁছান। শুক্রবার সকালে তিনি বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক এক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। একই দিন বিকেলে বাগেরহাট সদরের মুক্ষাইট গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। সন্ধ্যায় তিনি চিরুলিয়া-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।