চট্টগ্রামের বাঁশখালীতে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গতকাল সোমবার প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন। এ সময় ভোটারদের তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় সন্ত্রাসী হামলা ও ভোটারদের ভীতি দেখানোর ঘটনার নিন্দা জানিয়েছেন।
পৌর নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর নাছির গতকাল সোমবার বাঁশখালী পৌরসভার জলদি, মিয়ারবাজার, লস্করপাড়া, মনসুরিয়া বাজার, হারুন বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলার সহসভাপতি ইদ্রিস মিয়া, ইফতেখার হোসেন চৌধুরী, এনামুল হক উপস্থিত ছিলেন।
গণসংযোগের সময় মীর নাছির ভোটারদের বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে থাকবে। ওই দিন ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে দলবেঁধে কেন্দ্রে যেতে হবে।’ তিনি আরও বলেন, গণতন্ত্র এখন বাক্সবন্দী হয়ে গেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। ভোটকেন্দ্রে জনজোয়ার সৃষ্টি হলে ২০-দলীয় জোটের প্রার্থীর বিজয় কেউ ঠেকাতে পারবে না।
মীর নাছির প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জোর করে ভোটকেন্দ্র দখল বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কোনো দলের এজেন্ট হিসেবে কাজ না করে জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে।
গোলাম আকবর খোন্দকারের বিবৃতি: বিএনপি মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীদের হামলা, নির্যাতন, ভোটারদের হুমকির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে গতকাল এক বিবৃতিতে গোলাম আকবর খোন্দকার বলেন, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় মেয়র প্রার্থী, নির্বাচন সমন্বয়কারী, প্রার্থীর স্ত্রী, ভাইসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, যেভাবে নির্যাতন ও সন্ত্রাস বেড়ে চলেছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। জনগণ আদৌ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।