
গণতান্ত্রিক ধারা বজায় রেখে দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করার জন্য নবনির্বাচিত চার সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়ান। এরপর প্রধানমন্ত্রী চার মেয়রকে মঞ্চে ডেকে নেন এবং তাঁদের শপথ পড়ান। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান। গত ১৫ জুন এই চার সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পরাজিত করেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব (কামাল), রাজশাহীতে মোসাদ্দেক হোসেন (বুলবুল) ও খুলনায় মনিরুজ্জামান (মনি) মেয়র নির্বাচিত হন।
মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দলের প্রতি আপনাদের আনুগত্য থাকবে ঠিকই। তবে আপনারা শপথ নিয়েছেন। জনগণের দায়িত্ব পালন করতে হবে।’ তিনি বলেন, গত সাড়ে চার বছরে চার সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, এর আগে কখনো তেমনটি হয়নি। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। যাতে জনগণের কোনো অসুবিধা না হয়।’ দলীয় সরকারের অধীনেও যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, চার সিটিতে সরকার তা প্রমাণ করতে পেরেছে বলেও তিনি মন্তব্য করেন।
শপথ নেওয়ার পর চার মেয়র মঞ্চে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শপথ অনুষ্ঠানে মেয়রদের পরিবারের সদস্যদেরও সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় এবং তাঁরা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়রদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন।
শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির (নানক) এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।