রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবন ও রাজনীতির উদ্দেশ্য। গ্রামের দরিদ্র ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নই হচ্ছে আমার লক্ষ্য।’ রাষ্ট্রপতি গতকাল রোববার কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ব্রাহ্মণবাড়িয়া সদরে তাঁকে দেওয়া পৃথক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বিকেলে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, সাংসদ নাজমুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাংসদ শাহ্ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক মুছা মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতি উপজেলা সদরে স্বাধীনতাস্তম্ভের উদ্বোধন এবং বেগম নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে রাষ্ট্রপতিকে ব্রাহ্মণবাড়িয়া সদরে সংবর্ধনা দেওয়া হয়। সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। রাষ্ট্রপতি ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স নির্মাণের জন্য স্থানীয় সরকারমন্ত্রীকে নির্দেশ দেন এবং পৌর মিলনায়তনের জন্য দুই লাখ টাকা অনুদান ঘোষণা করেন।