প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, ‘আইনজীবীদের মধ্যে বিভিন্ন দল আছে, নানা ধরনের আদর্শ আছে; কিন্তু যখনই আমরা আদালতে আসব, তখন আমরা ভাই ভাই। তখন কোনো দল ও মত থাকবে না—এটাই আমার প্রত্যাশা।’ গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে হাইকোর্টের নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীরা হলেন আইন ও সমাজের সেবক। বিভিন্ন দল ও আদর্শের অনুসারী হলেও দলমতের ঊর্ধ্বে থেকে সম্মিলিতভাবে আইনজীবীদের কাজ করতে হবে।’ অতীতের স্মৃতিচারণা করে অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, ‘আইনজীবী হিসেবে আমাদের ঐতিহ্য রয়েছে, রয়েছে সংগ্রামের ইতিহাস। আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইন ও সংবিধানকে সামনে রেখেই সুপ্রিম কোর্টকে রক্ষা করতে হবে।’বিচারপতি মো. আবদুল মতিনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ মজুমদার, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, এম আমীর-উল ইসলাম প্রমুখ।