সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর বলেছেন, নীলফামারীর মানুষ যাতে পশ্চাৎপদতা থেকে মুক্তি পায়, এ জন্য দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। গতকাল শনিবার তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সৈয়দপুর হচ্ছে আমার দ্বিতীয় গৃহ। ১৯৯৮ সালে যখন নতুন করে রাজনীতিতে যুক্ত হই, তখন আমার নির্বাচনী এলাকা নীলফামারী সদরের পাশাপাশি সৈয়দপুরে বেশি সময় অতিবাহিত করেছি।’ তিনি বলেন, সৈয়দপুরের ক্ষুদ্র পোশাকশিল্প খাতের ব্যাপক প্রসার ঘটেছে। এখানকার উদ্যোক্তারা আশপাশের দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা বয়ে আনছেন। রপ্তানি বাণিজ্যের প্রসারে শিগগিরই জেলার চিলাহাটি স্থলবন্দরটি চালু করা হবে।
মন্ত্রী সৈয়দপুরকে সম্ভাবনার শহর হিসেবে উল্লেখ করে বলেন, ‘এখানকার উন্নয়নে আমি স্থানীয় সাংসদ তথা বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীকে সঙ্গে নিয়ে নীলফামারী জেলাকে অগ্রসর করতে রূপরেখা তৈরি করব।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শওকত চৌধুরী। তিনি বলেন, ‘সৈয়দপুর হচ্ছে বহু ভাষাভাষির শহর। এ জন্য এখানে সংস্কৃতি মিশ্র। উর্দু কবিদের মুশায়রা (কবিতার আসর) আর কাওয়ালি গানের ব্যাপক চর্চা হয় এখানে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতি ধরে রাখতে সৈয়দপুরে জরুরিভিত্তিতে একটি শিল্পকলা একাডেমী প্রত্যাশা করি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকা ইফ্ফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।