দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন জনপ্রতিনিধির বড় সার্থকতা হচ্ছে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন। এবার দলের প্রার্থী হয়ে নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। এলাকার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করুন, তবেই জনপ্রতিনিধির সফলতা আসবে।’
সিলেটে প্রথম পর্যায়ে সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের প্রতি এ আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। গতকাল বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তাঁদের শপথও পাঠ করান জেলা প্রশাসক।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারের উপপরিচালক আবদুল আহাদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি ও নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদস্য আবদুল মছব্বির ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আমিনা বেগম বক্তৃতা করেন।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। সিলেটে প্রথম পর্যায়ে গত ২২ মার্চ জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, মোগলগাঁও, কান্দিগাঁও, টুকেরবাজার ইউপির নির্বাচন হয়েছিল।