সরকারকে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। তবে দলিত জনগোষ্ঠীকে শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। তথাকথিত জাতিগত ও বর্ণবৈষম্যের শিকার দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা বৃদ্ধি, সরকারি সুযোগসুবিধা প্রাপ্তি ও শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
দলিত পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মিলন রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ রবিদাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি চম্পা রানী রবিদাস, দলিত পরিষদের নেতা রাজু রবিদাস প্রমুখ।
সভায় বিশ্বজিৎ রবিদাসকে সভাপতি ও রাম সুন্দরকে সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দলিত পরিষদ জেলা কমিটি গঠন করা হয়।