দলিত জনবহুল এলাকাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি
রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা দাবি করেছেন, শুধু দলিত হওয়ার কারণে অনেকে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। তাঁরা দলিত জনগোষ্ঠীর বসবাস রয়েছে এমন এলাকাগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘দলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার: অভিগম্যতা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তাঁরা এসব দাবি করেন। সেমিনারের যৌথ আয়োজক ছিল বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)।
সেমিনারে সম্প্রতি নয়টি জেলার দলিত জনগোষ্ঠীর ৫০০ জন প্রতিনিধির সঙ্গে তাঁদের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা সম্পর্কে চালানো সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২১ শতাংশ দলিত হাসপাতাল থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। গ্রামাঞ্চলের দলিত জনগোষ্ঠীর প্রায় ৫০ শতাংশ গর্ভবতী নারী সন্তান প্রসবের জন্য স্থানীয় ধাত্রীর ওপর নির্ভর করেন। পেশাগত ও বাসস্থানের অপরিচ্ছন্নতার কারণে দলিত জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রোগে ভুগে থাকেন।
সমীক্ষাটির উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতার বর্তমান অবস্থা এবং স্বাস্থ্যসেবায় তাঁদের অভিগম্যতা নিশ্চিত করতে করণীয় বিষয়ে পরামর্শ গ্রহণ।
সেমিনারে বক্তারা বলেন, সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করার মধ্য দিয়ে দলিতদের সমাজের মূলধারার সঙ্গে সংশ্লিষ্ট করতে হবে। দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘যেসব এলাকায় দলিত জনগোষ্ঠীর বসবাস রয়েছে, সেখানে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব সংসদে উপস্থাপন করব।’
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, বিডিইআরএমের সভাপতি সুনীল কুমার মৃধা প্রমুখ।