দলিত নারীরা সব ক্ষেত্রে পদদলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনের এমন একটি দিনও মনে করতে পারি না, যে দিনটি নিগ্রহের শিকার হইনি। রাস্তাঘাট, বাজার, স্কুল, বাস-ট্রেন সর্বত্র নিগৃহীত হতে হয়েছে দলিত হওয়ার কারণে। আর দলিত নারী হওয়ার কারণে নিগ্রহের শিকার হতে হয়েছে নিজের পরিবারেও।’ এই বর্ণনা ভারতের হরিয়ানা রাজ্যের এক দলিত নারী মনীষা মাসালের।
দলিত নারীদের সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত দক্ষিণ এশীয় সম্মেলনের একটি অধিবেশনে এসব কথা বলেন তিনি।
গতকাল সোমবার থেকে ঢাকার সিরডাপ মিলনায়তনে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পরিসরে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দলিতদের মানবাধিকার পদদলিত হয়ে এসেছে। এর মধ্যে দলিত নারীদের অবস্থা আরও খারাপ। এই পরিস্থিতি কোনো এক দেশে সীমাবদ্ধ নয়। দেশে দেশে একই অবস্থা চলেছে যুগ যুগ ধরে।
বক্তারা বলেন, সমাজ ও সভ্যতা এগিয়ে চলেছে। অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়ায় মানুষের জীবনমান উন্নত হয়েছে। শিক্ষার বিস্তারও হয়েছে যথেষ্ট। কিন্তু কুসংস্কার, কূপমণ্ডূকতা কমেনি। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও বর্ণবিদ্বেষও কমছে না। ফলে দলিতদের মতো প্রান্তিক জনগোষ্ঠী উপেক্ষিত হয়েই চলেছে। বাংলাদেশ, ভারত ও নেপালের পাঁচটি এনজিওর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এনজিওগুলো হচ্ছে নাগরিক উদ্যোগ, বাংলাদেশ দলিত অ্যান্ড এক্সক্লুডেড রাইটস মুভমেন্ট, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ, স্বাধিকার—ন্যাশনাল ক্যাম্পেইন অন দলিত হিউম্যান রাইটস ভারত এবং সমতা ফাউন্ডেশন নেপাল। আয়োজনে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন।