দলিত পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক দলিত পরিবারের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছেন আদিবাসীরা। বেলা ১১টার দিকে নাচোল থানাসংলগ্ন সড়কে বাংলাদেশ আদিবাসী সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
গত ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে উপজেলার নাসিরাবাদ গুচ্ছগ্রামে এক দলিত পরিবারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আদিবাসী নয়ন তারার (৩৬) বাঁ হাত ও ডান পা ভেঙে যায় এবং তাঁর মেয়ে নিপা রানী ও স্বামী বিশ্বনাথ মণ্ডল গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টার দিকে পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র বর্মণ। বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমলী কিস্কু, বাংলাদেশ আদিবাসী সমিতির রাজশাহী জেলা সভাপতি আনানিয়াস হাসদা, কেন্দ্রীয় সদস্য বাদলী রানী প্রমুখ।