দলিত বলেই কি হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল বলেছেন, ‘অনুষ্ঠানের জন্য বারবার জায়গা পাল্টাতে হলো; কথা দিয়ে অনুষ্ঠানের অতিথিরাও এলেন না। আমরা দলিত বলেই কি এমন আচরণ করা হলো? আমাদের মনে অনেক কষ্ট লেগেছে।’দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের অংশ হিসেবে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর উন্নয়ন ও সম্ভাবনা: প্রেক্ষিত রাজনৈতিক প্রতিশ্রুতি’ শীর্ষক অধিবেশন শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায়। বেলা তিনটার সময় আয়োজকেরা জানান, এ মিলনায়তনে অন্য কোনো সংগঠনের অনুষ্ঠান হবে। এরপর আরও একটি জায়গা পরিবর্তন করে বেলা সাড়ে তিনটায় আইইআর বিভাগের একটি কক্ষে অধিবেশনের জায়গা পাওয়া যায়। তবে চারজন নির্ধারিত আলোচকের মধ্যে তিনজন ছিলেন অনুপস্থিত।অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে কৃষ্ণলাল তাই ক্ষোভের সঙ্গে ওপরের কথাগুলো বলেন। অনুষ্ঠানের সঞ্চালক মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়ও দলিতদের জন্য আয়োজিত অধিবেশন বলেই হয়রানির শিকার হলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফেয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশন এই অধিবেশনের আয়োজন করে। একমাত্র নির্ধারিত আলোচক সাংসদ হাসানুল হক ইনু বিকেল পাঁচটায় অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা একটি কমিশন গঠন করার কথা বলেন।মূল উপস্থাপনায় অস্পৃশ্যতা ও মর্যাদাহীনতা, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্য, নিজ পেশা থেকে ছিটকে পড়া, মজুরি বৈষম্য, রাষ্ট্রীয় পরিষেবা না পাওয়া, তথ্যহীনতা, রাজনৈতিক প্রান্তিকতাসহ দলিত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা বলা হয়। তাতে বর্ণবৈষম্য বিলোপ-সংক্রান্ত আইন প্রণয়ন, রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে দলিতদের কথা স্পষ্টভাবে উল্লেখ ও জাতীয় দলিত কমিশন গঠনের সুপারিশ করা হয়।