দলিতদের অধিকার রক্ষায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, প্রায় ৬৫ লাখ দলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে। নয়তো কেবল আইন করে এই জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন সম্ভব হবে না।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক উদ্যোগ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) আয়োজিত ‘আবাসন ও ভূমি অধিকার: দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ নুর জাহান বেগম বলেন, বেদে, দলিত, হরিজন সমাজের অত্যাবশ্যকীয় একটি গোষ্ঠী। দৃষ্টিভিঙ্গর পরিবর্তন না হলে আইন করে কিছু হবে না। সামাজিকভাবে তাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে। তিনি বলেন, আইন অনুযায়ী সবার জন্য আবাসনসুবিধা ও ভূমি অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি দলিত জনগোষ্ঠীর দাবিগুলো সংসদে উত্থাপন করবেন বলে জানান।
সেমিনারে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, পিছিয়ে পড়া এসব মানুষের এগিয়ে আনার জন্য সমাজ ও রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। কেননা সমাজ ও রাষ্ট্র এদের পিছিয়ে রেখেছে।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিডিইআরএমের সভাপতি সুনীল কুমার মৃধা। এতে বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, হেবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং প্রমুখ।