
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রশ্ন রেখে বলেছেন, রাষ্ট্র কী আসলেই দলিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন চায়? রাষ্ট্র যদি তা না চায়, রাষ্ট্রকে যদি তা করতে বাধ্য করা সম্ভব না হয়, তাহলে প্রধানমন্ত্রী চাইলেও কিছু হবে না। কেননা, ব্যক্তির চাওয়াপাওয়া এ ক্ষেত্রে তেমন ভূমিকা রাখতে পারে না।
মিজানুর রহমান বলেন, দলিত জনগোষ্ঠীর শিক্ষার অধিকার আছে। রাষ্ট্র তা নিশ্চিত করতে বাধ্য। রাষ্ট্র তা কীভাবে নিশ্চিত করবে তা রাষ্ট্রের মাথাব্যথা। এ ক্ষেত্রে দলিতদের প্রতি চ্যারিটি বা দয়ার দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘সিডও ও দলিত নারী: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। মিজানুর রহমান নারীর প্রতি সব রকম বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারায় সরকারের পক্ষ থেকে আপত্তি বহাল রাখায় এ সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়নের মাধ্যমেই দলিত নারীর উন্নয়ন ঘটাতে হবে।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। এতে সিডো সনদের বিভিন্ন ধারায় কী বলা আছে এবং দলিত নারীরা সেসব ক্ষেত্রে কতটুকু বৈষম্যের শিকার, তা তুলে ধরেন।
সেমিনারে দলিত নারী ফোরামের সভাপতি মণি রানী দাস বলেন, ‘আমরা এ দেশের নাগরিক, তার পরও বৈষম্যের শিকার। ছোট ছোট ঘরে থাকি। ঘরের ভেতর টয়লেটের ব্যবস্থা নাই। গোসলের আলাদা ব্যবস্থা নাই। শিক্ষা তো নাই-ই। নারীরা সচেতন নয়। দিনের পর দিন বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছে। পঞ্চায়েতে গিয়ে নারীরা কথা বলতে পারে না। আমরা কয়েকজন প্রতিবাদ করে বাইরে বের হতে পেরেছি। তবে বেশির ভাগ নারী বাইরের জগৎটা দেখারই সুযোগ পায় না।’
দৃঢ় কণ্ঠে তিনি শুধু দলিত নারী নন, দলিত পুরুষদেরও সচেতন হওয়া এবং সমাজের সবাইকে তাঁদের অবস্থান পাল্টানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের কারিগরি সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সঞ্চালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনেক প্রতিবন্ধকতার মধ্যেও একদিন দলিত কলোনি থেকে গাড়ি নিয়ে দলিত সদস্যরা কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন সে ধরনের বাংলাদেশ দেখার স্বপ্নের কথা জানান।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম বলেন, দলিতদের শিক্ষার দিকে নজর দিতে হবে। যারা শিক্ষিত হওয়ার সুযোগ পাবে, তাদের চাকরির জন্য কোটা রাখতে হবে।
মানবাধিকার কমিশনের আরেক সদস্য অ্যারোমা দত্ত বলেন, সংবিধান বা সিডও সনদ দিয়ে কিছু হবে না। মন থেকেই দলিতদের পাশে দাঁড়াতে হবে। দলিতদের অবস্থান পরিবর্তনে একটি সার্বিক জরিপ করে এই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে হবে। রোডম্যাপ করে ১০ জনকেও যদি সামনে আনা যায়, তা একটি কাজ হবে।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, সমাজের যাঁরা মূলস্রোতের মানুষ দলিতদের নিয়ে তাঁদের মধ্যে যে ‘স্টিগমা’ কাজ করে, তা ভাঙতে হবে। তিনি দলিত নারীদের অবস্থান পরিবর্তনে দলিত নারীদের নেতৃত্ব বিকাশের বিষয়টিতে গুরুত্ব দেন।