দলিতদের জন্য চাকরিতে কোটা রাখার নীতিমালা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট কিছু চাকরির ক্ষেত্রে দলিত সম্প্রদায়ের জন্য কোটা রাখতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।গতকাল শুক্রবার রাজধানীতে ‘জাতীয় হরিজন দলিত সম্মেলন ২০১১’-এর উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।সমাজকল্যাণমন্ত্রী বলেন, হরিজনেরা চাকরি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। ঐতিহ্যগতভাবে যেসব কাজ হরিজনেরা পেতেন, একশ্রেণীর অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে সে চাকরি অন্যদের দিচ্ছেন। তিনি বলেন, হরিজন-দলিত লোকদের সামাজিক নিরাপত্তা-বলয়ের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এই সম্প্রদায়ের লোকেরা যেন অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক ও বিধবা ভাতা পান, সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।শিশু একাডেমী মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ দলিত পরিষদ ও অন্ত্যজ পরিষদ।সম্মেলনে বৈষম্য বিলোপসংক্রান্ত আইন প্রণয়ন, জাতীয় দলিত কমিশন গঠন, এই জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ননীতি প্রণয়ন, সরকারি নিরাপত্তা কর্মসূচিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা সংরক্ষণ, ঝাড়ুদার-সুইপার-ক্লিনার পদে ৮০ শতাংশ কোটা রাখা, সরকারের গৃহায়ণ কর্মসূচিতে (গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম ও আশ্রয়ণ) দলিতদের অন্তর্ভুক্ত করাসহ ১০ দফা দাবি জানানো হয়। সাংসদ রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে এই ১০ দফার প্রতি সংহতি জানান। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের চেয়ারম্যান ও বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, দেশকে যাঁরা পরিচ্ছন্ন রাখেন, তাঁদের অবজ্ঞা, অবহেলা করা হচ্ছে। এটা তাঁদের প্রতি বৈষম্য। মানুষের জন্যর নির্বাহী পরিচালক শাহীন আনাম বৈষম্য বিলোপসংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানান। নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরতে দলিত লোকদের জন্য আলাদা ব্যবস্থা করার দাবি করেন দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার দাস। হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, দেশের ৫৬ লাখ দলিত ও হরিজন সম্প্রদায়ের লোকের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে মাত্র ১০ কোটি টাকা, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। তার পরও এই অর্থ যেন ঠিকভাবে ব্যয় হয়।হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণা লালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস, হরিজন নারী কল্যাণ সমিতির সভানেত্রী তুতিয়া বাসফোর প্রমুখ বক্তব্য দেন।