দলিতদের সুপেয় পানির অধিকার দিতে দরকার সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপের নিচে অন্ধকারের মতো বসবাস বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর। সুপেয় পানি প্রাপ্তি ও স্যানিটেশনের অধিকার থেকে তারা বঞ্চিত। অথচ সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান। দলিত জনগোষ্ঠীর পানি ও পয়োনিষ্কাশন অভিগম্যতা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এবং নাগরিক উদ্যোগ আয়োজিত সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে ‘পানি ও পয়োনিষ্কাশন: দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা ও বাস্তব অবস্থা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইসরাফিল আলম বলেন, সুপেয় পানি প্রাপ্তি ও পয়োনিষ্কাশন একটি মৌলিক মানবাধিকার, এই প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করতে হবে। আগামী অর্থবছরের বাজেটে সরকার যেন দলিতদের জন্য পানি ও পয়োনিষ্কাশনসহ অন্যান্য খাতে বরাদ্দ বাড়িয়ে দেয়, সে বিষয়ে তিনি সরকারের নির্দিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, বিডিইআরএমের উপদেষ্টা মুকুল শিকদার, সভাপতি সুনীল কুমার মৃধা, দলিত নারী ফোরামের সভাপতি মণি রানী দাস।