দলিল নিবন্ধনে ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের দলিল নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি করে নিবন্ধনসংক্রান্ত জটিলতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে (ডিজিটাল পদ্ধতি) দলিল নিবন্ধন প্রবর্তনের জন্য প্রকল্প কমিটি অনুমোদনসহ একটি প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত এই উদ্যোগের ফলে দীর্ঘ চার দশক পর সম্পত্তি হস্তান্তরের দলিল হালনাগাদ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতে-কলমে দলিল নথিভুক্ত করতে বেশি সময় লাগার পাশাপাশি রাজস্ব আদায়ও যথাযথ হচ্ছে না। রেকর্ড সংরক্ষণে সমস্যা ও সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে জটিলতা সৃষ্টি হচ্ছে।ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন পদ্ধতি চালু হলে স্বচ্ছতা বাড়বে এবং রেজিস্ট্রি অফিসে জনসাধারণের সেবা গ্রহণ সহজ হবে। এতে লোকজন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগে উৎসাহিত হবে এবং সার্বিক হয়রানি ও দুর্নীতি রোধ করা যাবে।আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে জানান, শিগগির তাঁরা ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের বিষয়টি বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে কমিটি অনুমোদনের জন্য তাঁরা প্রস্তাবনা পেয়েছেন। উল্লেখ্য, আইনমন্ত্রীকে চেয়ারম্যান করে কমিটি করা হচ্ছে।সারা দেশের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের দলিল উপজেলা পর্যায়ে রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা হয়ে থাকে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৬১টি জেলা নিবন্ধন এবং ৪৭৬টি সাবরেজিস্ট্রি অফিসের তত্ত্বাবধান ও প্রশাসনিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ঢাকাস্থ নিবন্ধন পরিদপ্তর।বর্তমান পদ্ধতি: ব্রিটিশ শাসনামলে পাক-ভারত উপমহাদেশে যে আইন ও বিধি অনুসরণ করে দলিল নিবন্ধনের সূচনা হয়েছিল, মূলত সেভাবেই এখনো নিবন্ধন চলছে। বিগত ৪০ বছরে নিবন্ধন আইন ও বিধির কিছু পরিবর্তন হওয়া সত্ত্বেও পদ্ধতিগত কোনো সংস্কার করা হয়নি। দলিল নিবন্ধন এবং সম্পত্তি হস্তান্তরের তথ্য সরবরাহকাজ হাতে-কলমে নথিভুক্ত হচ্ছে।বালাম বই ও জনবল-সংকটের কারণে এই পদ্ধতিতে মূল দলিল ফেরত দিতে এক মাস থেকে তিন বছর পর্যন্ত লেগে যায়। অথচ একটি দলিল নিবন্ধনের জন্য গৃহীত হলে এক মাসের মধ্যে কাজ শেষ করে ফেরত দেওয়ার বিধান আছে।রেকর্ড সংরক্ষণে সমস্যা: জেলা সদরের প্রতিটি রেকর্ড রুমে দেড় শ থেকে দুই শ বছরের লাখ লাখ রেকর্ড বালাম ও সূচি বই সংরক্ষিত আছে। সাবরেজিস্ট্রি অফিসে আছে ২০ থেকে ২৫ বছরের রেকর্ড। জেলার রেকর্ড রুমে স্থানাভাবে সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড সেখানে স্থানান্তর করা যায় না। মূল্যবান এসব রেকর্ড দায়সারাভাবে রাখা হচ্ছে।এ ছাড়া লোকে সম্পত্তি কেনার আগে তা নিষ্কণ্টক কি না, যাচাই করে থাকেন। সনদপ্রাপ্ত দলিল লেখকেরা রেকর্ড রুমে সংরক্ষিত রেকর্ড তালাশ করে এ সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকেন। কিন্তু এসব রেকর্ড পুরোনো ও বহু ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়ায় তথ্য সংগ্রহ করাও দুরূহ হয়ে পড়েছে।সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে জটিলতা: ২০০২ সাল থেকে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের বিধান করা হয়। কিন্তু নিবন্ধনের ব্যয় কমানোর জন্য প্রকৃত মূল্য গোপন করে বাজারমূল্য অনুসরণ করায় সরকারি রাজস্ব আদায় যথাযথ হচ্ছে না। এ ছাড়া চার থেকে সাতটি খাতে সরকারি রাজস্ব ও স্থানীয় সরকার কর আদায়, কোষাগার ও তহবিলে জমা করার কাজ যেমন শ্রমসাধ্য, তেমনি সময়সাপেক্ষ। এ জন্য অফিসগুলোতে কাজ জমে যায়।