চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বসু প্রদীপ কুমারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গোমস্তাপুর দলিল লেখক সমিতি ১৮ মে থেকে কর্মবিরতি পালন করছে। এ কারণে গোমস্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন বন্ধ রয়েছে।
দলিল লেখক সমিতি কর্মবিরতির পাশাপাশি সংবাদ সম্মেলন করেছে এবং আইনমন্ত্রী আনিসুল হকের কাছে বসু প্রদীপ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রতিটি দলিলে ৮০০ টাকা ঘুষ না দিলে তিনি দলিল রেজিস্ট্রি করেন না। জমির খাজনা পরিশোধের রসিদ না দিলে প্রতিটি রসিদের জন্য ৪০০ টাকা, হেবা ঘোষণা দলিলের জন্য সরকারিভাবে ৪০০ টাকা নির্ধারিত থাকলেও তিনি বিঘাপ্রতি ১ হাজার ৪০০ টাকা করে ঘুষ নেন। কমিশন দলিলের জন্য ৪৫০ টাকা ধার্য থাকলেও তিনি নিজ উপজেলায় ৩ হাজার ৫০০ টাকা এবং অন্য উপজেলায় কমপক্ষে ৪০ হাজার টাকা আদায় করেন।
এ ছাড়া আমমোক্তারনামা একটি বৈধ দলিল হলেও বসু প্রদীপ কুমার তাঁর ইচ্ছামতো টাকার চুক্তি ছাড়া দলিল রেজিস্ট্রি করেন না। সরকারি কর্মজীবীর কর্মস্থলে থাকার নিয়ম থাকলেও তিনি মাইক্রোবাসযোগে ঢাকা থেকে সোমবার বিকেলে আসেন এবং বৃহস্পতিবার দুপুরের আগেই ঢাকার উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন।
গত বুধবার দুপুর ১২টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে কোনো লোককে দলিল করতে দেখা যায়নি। ২৫ থেকে ৩০ জন দলিল লেখক রেজিস্ট্রি অফিস চত্বরের একটি আমগাছতলায় বসে ছিলেন। তাঁরা জানান, কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল শেষে এখানে এসে বসেছেন। তাঁরা আরও জানান, এই সাব-রেজিস্ট্রারকে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বসু প্রদীপ কুমার বুধবার প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হয়ে দলিল লেখকেরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তিনি অস্বীকার করেন।