দলিল লেখকদের কর্মবিরতি
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে স্থানীয় দলিল লেখকেরা কর্মবিরতি শুরু করেছেন। এতে গতকাল বৃহস্পতিবার তিন শতাধিক দলিল নিবন্ধন করা যায়নি।
গতকাল সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি।
সম্মেলনে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান সহকারী রফিকুল ইসলাম ও টিসি মোহরার ওমর আলী একজন দলিল লেখকের নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তিনটি দলিল নিবন্ধন করেছেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁরা জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেন। বিষয়টি নিষ্পত্তি না করে প্রধান সহকারী দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। দলিল লেখকেরা এ বিষয়ে লিখিত অভিযোগও করেছেন।
প্রধান সহকারী রফিকুল ইসলাম ও টিসি মোহরার ওমর আলী জালিয়াতি করে দলিল নিবন্ধন করার অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
জেলা রেজিস্ট্রার মীর মাহবুব মেহেদি বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।