দলিল লেখকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মুর্তজার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে গতকাল মঙ্গলবারসহ নয় দিন ধরে দলিল লেখকেরা কর্মবিরতি পালন করছেন। এতে দলিল লেখায় অচলাবস্থা দেখা দিয়েছে।
দলিল লেখকেরা সাব-রেজিস্ট্রার গোলাম মুর্তজার বিরুদ্ধে দিনাজপুর জেলা রেজিস্ট্রারের কাছে ২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেছেন। দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসনের সাংসদ, দিনাজপুর জেলা প্রশাসক ও বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে এর অনুলিপি দেওয়া হয়েছে।
জেলা রেজিস্ট্রার আ ন ম বজলুর রহমান মণ্ডল বলেন, ‘দলিল লেখকদের অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছি।’
গোলাম মুর্তজা বলেন, ‘আমি সাধারণ মানুষ ও রাষ্ট্রের স্বার্থে বিধি মোতাবেক দলিল নিবন্ধন করছি। এতে কোনো শ্রেণির স্বার্থে ব্যাঘাত ঘটতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য থেকে বিচ্যুত না হওয়ায় কিছু দলিল লেখক অনৈতিক সুবিধা নিতে পারছেন না। এ কারণে তাঁরা ভিন্ন পথ অবলম্বন করছেন।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত সোমবার দুপুর ১২টার দিকে দলিল লেখক ও স্থানীয় লোকজন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন বোচাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হরিচরণ রায়, দলিল লেখক হাসান সরকার, হুমায়ুন কবীর, আইয়ুব আলী প্রমুখ। আন্দোলনকারীরা এর আগের দিন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার সাঁটেন।
গতকাল সাব-রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান সহকারী আমিনুল ইসলাম বলেন, দলিল লেখকেরা কর্মবিরতি পালন করায় গত কয়েক দিনে ৭০-৮০টি দলিল সম্পাদন হয়নি। এসব দলিলের দাতা ও গ্রহীতারা ফিরে গেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গোলাম মুর্তজা গত জুনে বোচাগঞ্জে যোগ দেওয়ার পর থেকে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করে আসছেন। সপ্তাহে পাঁচ দিন অফিস খোলা থাকলেও তিনি শুধু রবি, সোম ও মঙ্গলবার অফিস করেন। এতে বাকি দুই দিন দলিল লেখক ও সেবাগ্রহীতারা দুর্ভোগের শিকার হন। গোলাম মুর্তজা নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা দাবি করেন। হেবার ঘোষণা, বণ্টননামা, অছিয়তনামা, ঘোষণাপত্র ইত্যাদি ক্ষেত্রে তিনি চুক্তির ভিত্তিতে উৎকোচ নেওয়ার পর নিবন্ধন করেন। ঘুষ না দিলে কাজ করেন না। এর প্রতিবাদ করলে সেবাগ্রহীতা ও দলিল লেখকেরা তাঁর রোষানলে পড়েন। তিনি দলিল লেখকদের নিবন্ধন বাতিলসহ নানা হুমকি দেন।