বরগুনার পাথরঘাটা উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে এক মাসের বেশি সময় ধরে জমি কেনাবেচা বন্ধ রয়েছে। এখানকার দায়িত্বে থাকা সাবরেজিস্ট্রারকে অপসারণের দাবিতে উপজেলা দলিল লেখক সমিতির ধর্মঘট চলায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
দলিল লেখক সমিতির দাবি, সাবরেজিস্ট্রার কাওসার খানকে (অতিরিক্ত দায়িত্ব) পাথরঘাটা থেকে দ্রুত অপসারণ করতে হবে। দাবি না মানা পর্যন্ত দলিল লেখক সমিতির এ অনির্দিষ্টকালের ধর্মঘট ও কলম বিরতি চলবে।
সাবরেজিস্ট্রার কাওসার খান বলেন, দলিল করতে হলে সঠিক কাগজপত্র দিয়ে করতে হবে—এ কথা সমিতিকে বলে দেওয়ায় তাঁরা দলিল নিয়ে আসছেন না। নিয়মের মধ্যে থেকে দলিল সম্পাদন করার আশ্বাস দিলেও সমিতির সভাপতিসহ গুটিকয়েক ব্যক্তির টালবাহানায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় ও দলিল লেখক সমিতি সূত্র জানায়, গত ২০ এপ্রিল উপজেলা সাবরেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্বে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সাবরেজিস্ট্রার কাওসার খান যোগ দেন। এরপর থেকে তিনি প্রতি সপ্তাহের রবি ও সোমবার অফিস করছেন। এর আগে থেকে বরগুনা সদর উপজেলার সাবরেজিস্ট্রার জসীম উদ্দিন মো. তৌফিক এলাহী সপ্তাহের প্রতি বুধবার এখানে খণ্ডকালীন দায়িত্ব পালন করে আসছেন। যোগদানের দিন থেকেই সাবরেজিস্ট্রার কাওসার খানের সামনে কোনো দলিল উপস্থাপন করা হচ্ছে না। দলিল লেখক সমিতি একজোট হয়ে সাবরেজিস্ট্রার জসীম উদ্দিন মো. তৌফিক এলাহীকে দিয়ে প্রতি সপ্তাহের বুধবার কাজ চালিয়ে যাচ্ছিল। গত ২২ জুন সাবরেজিস্ট্রার জসীম উদ্দিন মো. তৌফিক এলাহী অবসরে যান। এরপর তাঁর অনুসারী দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক সমিতির সদস্যদের নিয়ে ধর্মঘট ও কলম বিরতির ডাক দেন। ফলে ২৩ জুন থেকে এখানে জমি কেনাবেচা বন্ধ রয়েছে। এতে জমি ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। আগে এখানে সপ্তাহে ১৩০ থেকে ১৫০টি দলিল করা হতো।
পাথরঘাটা দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘বর্তমান সাবরেজিস্ট্রার কাওসার খানের অধীনে আমরা কাজ করব না। অন্য একজন সাবরেজিস্ট্রার পাথরঘাটায় আসার কথা রয়েছে। তিনি আসলে সমস্যার সমাধান হবে।’
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন খান গতকাল বুধবার বলেন, দুই পক্ষকেই নমনীয় হয়ে মানুষের ভোগান্তি দূর করতে বলা হয়েছিল। আগামী সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।