দলিল লেখকদের ধর্মঘট জমির নিবন্ধন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিল লেখকদের টানা ধর্মঘটের কারণে পাবনার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে জমির দলিল নিবন্ধন ও সম্পাদনের কাজ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
মহাপরিদর্শক নিবন্ধন (আইজিআর) সম্প্রতি চারজনকে দলিল লেখকের লাইসেন্স দেওয়ার নির্দেশ দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ পুরোনো দলিল লেখকেরা ১৫ দিন ধরে ধর্মঘট পালন করছেন। দলিল লেখকেরা বলেন, নতুন লাইসেন্স দেওয়ার আগে প্রার্থীদের অভিজ্ঞতা, মেধা, শিক্ষাগত যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষা নেওয়ার বিধান থাকলেও আইজিআর সেই নিয়মনীতি অনুসরণ করেননি। এভাবে লাইসেন্স দেওয়ায় তাঁদের কাজ কমে যাবে এবং তাঁরা অর্থসংকটে পড়বেন। কারণ, ঈশ্বরদীতে ৫১ জন লাইসেন্সধারী দলিল লেখক রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় বেশি। এ ছাড়া দলিল লেখকদের সহকারীও রয়েছেন ১০০ জন। বিষয়টি সম্প্রতি ঈশ্বরদী সাব-রেজিস্ট্রার ও পাবনা জেলা রেজিস্ট্রারকে জানানোর পরও কাজ হয়নি। এমনকি তাঁরা আইজিআরকেও বিষয়টি জানান। তাই বাধ্য হয়ে ৭ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেন তাঁরা।
টানা ধর্মঘটের কারণে দলিল নিবন্ধন ও সম্পাদন বন্ধ থাকায় পাঁচ কার্যদিবসে সরকার ছয় কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে বলে ঈশ্বরদী সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া ধর্মঘট ও কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ। আম, কাঁঠাল ও লিচুর মৌসুমে এখানকার কৃষিজীবী মানুষের হাতে নগদ অর্থ থাকে। তাই জমি বেচাকেনায় বছরের এ সময়টায় বাড়তি চাপ পড়ে ঈশ্বরদী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে। কিন্তু ধর্মঘট থাকায় এবার জমি বেচাকেনা হচ্ছে না।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখকের উপস্থিতি খুবই কম। দু-চারজন থাকলেও তাঁরা হাত গুটিয়ে বসে আছেন। তাঁদের চোখে-মুখে হতাশার ছাপ। এ সময় সাব-রেজিস্ট্রি কার্যালয়ে মাত্র পাঁচজন কর্মচারীকে বসে অলস সময় কাটাতে দেখা যায়। কর্মচারীরা বলেন, ধর্মঘটের কারণে দলিল জমা হচ্ছে না। নিবন্ধন বন্ধ। এরই মধ্যে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রারকে ঈশ্বরদী থেকে হঠাৎ প্রত্যাহার করে নেওয়ায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। শহরের পূর্ব টেংরী এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, জমি বিক্রির জন্য ১২-১৩ দিন ধরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ঘোরাঘুরি করেছেন। কিন্তু জমির দলিল লেখা ও নিবন্ধন করাতে পারেননি।
কর্মস্থল থেকে প্রত্যাহার হওয়া সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, আইজিআরের নির্দেশে সোমবার তাঁকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। তিনি বিষয়টি জেনেছেন পরদিন মঙ্গলবার। তিনি আরও বলেন, নতুন চারটি লাইসেন্স দেওয়ার জন্য জেলা রেজিস্ট্রার তাঁর মাধ্যমে ওই চার আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে লাইসেন্সের জন্য ওই ব্যক্তিদের কাছ থেকে সরকারি ধার্য করা ফি জমা নেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে মহাপরিদর্শক নিবন্ধন আবদুল মান্নান প্রথম আলোকে জানান, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। তবে দলিল লেখকেরা ভুল বুঝে কর্মবিরতি বা ধর্মঘট করছেন। এটা কাম্য নয়। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাঁর নির্দেশে আগামী রোববার ঈশ্বরদীতে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বে কর্মকর্তারা যাবেন। তাঁরা সেখানে দলিল লেখকদের সঙ্গে কথা বলবেন। এতে পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।