দলিল লেখকদের বিরোধে ভোগান্তিতে মানুষ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় দলিল লেখকদের দলাদলিকে কেন্দ্র করে দুটি সংগঠনের সৃষ্টি হয়েছে। আদালতে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। দুই সংগঠনের বিরোধে জমি রেজিস্ট্রি করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।
চলমান এ সমস্যা নিয়ে দলিল লেখকদের পুরোনো সংগঠন ‘গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতি’ গতকাল সোমবার তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ জ্যেষ্ঠ সদস্যরা।
সাধারণ সম্পাদক বলেন, তাঁদের সংগঠনটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। সদস্যসংখ্যা ১৯৪। আর্থিক অনিয়ম ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে সম্প্রতি তাঁদের সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন গোলাপকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কিছু অপেশাদার লোক নিয়ে ‘গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমবায় সমিতি লিমিটেড’ নামে পৃথক সংগঠন গঠন করেন। তাঁরা গত ৩০ জুন থেকে নিয়মবহির্ভূতভাবে দলিল সম্পাদনের চেষ্টা করছেন। এতে দলিল সম্পাদনের কাজ বিঘ্নিত হচ্ছে। দুই মাস ধরে জমির ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে রয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন গোলাপ, তাঁর কথিত সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম সরকারসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও হয়েছে। আদালতে ওই সমিতির কার্যক্রম স্থগিতাদেশ চাওয়ায় পুরোনো সংগঠনের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। নতুন সংগঠনটি আদালতে পাল্টা মামলা দিয়েছে।
আলাউদ্দিন গোলাপ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগ সত্য নয়। মূলত পুরোনো সমিতি জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। এর প্রতিবাদ করায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নতুন সংগঠন করেছেন।
জানতে চাইলে উপজেলা সাবরেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন গতকাল মুঠোফোনে বলেন, তাঁর দপ্তরে ‘গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতি’ নামে একটি সংগঠনের ১৯৪ জনের তালিকা রয়েছে। তাঁদের সম্পাদিত দলিলগুলো রেজিস্ট্রি হচ্ছে। অন্য কোনো সংগঠনের তালিকা তাঁর কাছে নেই। অন্য কারও সম্পাদিত দলিল রেজিস্ট্রিও হচ্ছে না।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, স্থানীয়ভাবে দুই সংগঠনের মধ্যে বিরোধ মিটমাটের চেষ্টা ব্যর্থ হয়েছে। আদালতে পরস্পরের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে।