দলিল লেখকের হাতে সাব-রেজিস্ট্রার লাঞ্ছিত!
বিএস (বাংলাদেশ সার্ভে) খতিয়ান ছাড়া দলিল নিবন্ধন (রেজিস্ট্রি) না করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রার শেখ মছিউল ইসলামকে তাঁর কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বাবুল মিয়া নামে এক দলিল লেখক গতকাল সোমবার দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছেন। শেখ মোহামঞ্চদ মছিউল ইসলাম বলেন, ‘বাবুল মিয়া বিএস খতিয়ান ছাড়াই দলিল নিবন্ধন করাতে আসেন। আমি কাগজপত্র ঠিকঠাক করে আনার পরামর্শ দিই। এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমাকে লাঞ্ছিতসহ কর্মচারীদের মারধর করার চেষ্টা করেন। তিনি প্রায়ই অফিসে বখাটেদের নিয়ে আসেন এবং মারমুখী আচরণ করে থাকেন। কর্তৃপক্ষকে জানিয়ে এ ব্যাপারে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’ বাবুল মিয়া বলেন, ‘বিএস খতিয়ান ছাড়াই এখানে অহরহ দলিল রেজিস্ট্রি হয়েছে। আমার দলিল কেন রেজিস্ট্রি হবে না। এটিই সাব-রেজিস্ট্রারের কাছে জানতে চেয়েছি। আমি তাঁকে লাঞ্ছিত করিনি।’ এখানে টাকা হলে দলিল হয়, নইলে হয় না বলেও তিনি দাবি করেন। উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি সৈয়দ আলী আবদাল বলেন, ‘আমরা বাবুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
প্রত্যক্ষদর্শী লোকজন ও কার্যালয়ের কর্মচারীরা জানান, বাবুল মিয়া রোববার বিএস খতিয়ান ছাড়াই একটি দলিল নিবন্ধন করাতে আসেন। তখন সাব-রেজিস্ট্রার এটি ফিরিয়ে দেন। গতকাল সোমবার তিনি আবার বিএস খতিয়ান ছাড়াই ওই দলিল নিবন্ধন করাতে কার্যালয়ে যান। সাব-রেজিস্ট্রার গতকালও ত্রুটিপূর্ণ কাগজপত্র দেখে দলিল নিবন্ধন সম্ভব নয় বলে জানিয়ে দেন। এ কথায় উত্তেজিত হয়ে বাবুল মিয়া সাব-রেজিস্ট্রারকে অকথ্য ভাষায় গালমন্দ করেন ও তাঁকে মারতে উদ্যত হন। কার্যালয়ের টিসি মোহরার (স্থানীয় কর সহকারী) আবদুল আলীম বলেন, ‘আমরা প্রতিবাদ করায় বাবুল আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।’ একই ধরনের অভিযোগ করেন পিয়ন নুরুলসহ কয়েকজন কর্মচারী।