দলিললেখককে পেটালেন কনস্টেবল?

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার পুলিশের এক কনস্টেবল একজন দলিললেখককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দলিললেখককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দলিললেখকের নাম নাদিম হাসান (৩৬)। তাঁর বাড়ি নগরের কোর্টবুলনপুর এলাকায়। তিনি রাজশাহী সাব–রেজিস্ট্রি অফিসের একজন দলিললেখক। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম গোলজার। তিনি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে এক ব্যক্তি নাদিম হাসানকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে পাশে পড়ে থাকা চেলাকাঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। আহত অবস্থায় তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
নাদিম হাসান বলেন, গোলজার তাঁর এলাকাতেই ভাড়া থাকেন। এ জন্যসাদাপোশাকে থাকলেও তিনি গোলজারকে চিনতে পেরেছেন। আদালত চত্বরের একজন দোকানির সঙ্গে তিনি ঠাট্টা করছিলেন। কথা বলার একপর্যায়ে গোলজার তাঁকে মারতে শুরু করেন।
গোলজারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন বলেন, তিনি শুনেছেন এক ব্যক্তির সঙ্গে গোলজারের হাতাহাতি হয়েছে। এ ঘটনার সময় গোলজার পেশাগত কোনো কাজে আদালত চত্বরে ছিলেন না। এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে গোলজারকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।