দলীয় কোন্দলের জের ধরেই আওয়ামী লীগ নেতাকে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জের ধরে আওয়ামী লীগের নেতা মোকাদ্দেস আলী গুলিবিদ্ধ হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার মোকাদ্দেস আলীর ভাই আবদুস সাত্তার বাদী হয়ে তিন ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে বেড়া থানায় মামলা করেছেন। পুলিশ আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোকাদ্দেস আলী আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি তৃণমূল নেতা-কর্মীদের ভোটে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এলাকাবাসী জানান, দুই মাস আগে হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের ফজর আলী ও ইজ্জত আলী আওয়ামী লীগে যোগ দেন। তাঁদের সঙ্গে মোকাদ্দেস আলীর বিরোধ সৃষ্টি হয়। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন মোকাদ্দেস আলীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, গুলি করার সময় ফজর আলী, ইজ্জত আলী ও তাঁদের ভাগনে তারেককে মোকাদ্দেস আলী চিনতে পারেন। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজন ছিল। ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা মোকাদ্দেসকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।