দলীয় পদ পেয়ে হাবিবের পক্ষে মাঠেএবায়েদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক করায় দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন এবায়েদুল হক। এর আগে কেন্দ্রের সমঝোতায় তাঁকে জেলা সভাপতি করা হবে এই আশ্বাসে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ান এবায়েদুল।

দলীয় পদ পাওয়ার পর গত বুধবার এবায়েদুল হককে সংবর্ধনা দেয় জেলা ও মহানগর বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে ঐক্যবদ্ধ হয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। বুধবার সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা দেন।

এর আগে গত মঙ্গলবার এবায়েদুলকে সঙ্গে নিয়ে বরিশালে আসেন দলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, আজকের বিএনপির মধ্যে যে ঐক্য হয়েছে, তা প্রমাণ করে আহসান হাবিবের মার্কা আনারসের বিজয় হবেই। তিনি আরও বলেন, শুধু বরিশাল নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে চার সিটি করপোরেশনেই তাঁদের প্রার্থী জয়ী হবেন।

এবায়েদুল হক বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে বরিশাল সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দল আমাকে জেলার দায়িত্ব দিয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব একসঙ্গে মাঠে থেকে আমাদের প্রার্থীকে বিজয়ী করা।’