দলীয় প্রার্থীকে বর্জন বিএনপির একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী জাবেদ রেজাকে বর্জনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপির একাংশ। জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ ও দুই নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে ঝাড়ুমিছিল থেকে এ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
১২ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পক্ষের সঙ্গে জেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক (বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী) জাবেদ রেজা ও জেলা সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ পক্ষের একসঙ্গে কাজ করার সমঝোতা হয়েছিল।
ঝাড়ুমিছিল শেষে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন, জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুব-বিষয়ক সম্পাদক মশিউর রহমান ওরফে মিটন, ক্রীড়া-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মশিউর রহমান বলেন, জাবেদ রেজাকে জেলা বিএনপি থেকে মেয়র প্রার্থী করার জন্য প্রস্তাব করা হয়নি। কেন্দ্রীয় কিছু নেতাকে প্রভাবিত করে জাবেদ রেজা মনোনয়ন নিয়েছেন। মেয়রের দায়িত্ব পালন করলেও তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি পৌরসভায় কোনো কাজ করেননি। এ রকম অনেক অভিযোগ থাকার পরও তাঁরা দলীয় প্রতীকের জন্য কাজ করছিলেন। কিন্তু জেলা বিএনপির কারও সঙ্গে পরামর্শ না করে জেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক ও ক্রীড়া-বিষয়ক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির সহসভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আবদুল কুদ্দুস বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা না হলে দলীয় প্রার্থীকে বর্জন করা হবে এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা বিএনপির সহসভাপতি ও জাবেদ-মাবুদ পক্ষের ওসমান গণি (তিনিও কিছুদিন আগে জেরী-আজিজ পক্ষে ছিলেন) বলেন, যাঁরা ঝাড়ুমিছিল করেছেন, তাঁরা গোপনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছিলেন। এ মিছিল ও বর্জন ঘোষণার মধ্যে বিএনপি জঞ্জালমুক্ত হয়েছে। এতে দলীয় প্রার্থীর ওপর কোনো প্রভাব পড়বে না।