দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় টাঙ্গাইলে গয়েশ্বর রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রার্থীদের পক্ষে টাঙ্গাইলে গণসংযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর ও গোপালপুরে গণসংযোগ করেন।
জেলা বিএনপি সূত্র জানায়, গয়েশ্বর রায়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ সময় গয়েশ্বর রায় নেতাদের সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান। পরে তিনি শহরের বিশ্বাস বেতকা এলাকায় গণসংযোগ করে নতুন বাস টার্মিনাল এলাকায় পথসভায় যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক শামসুল আলম ও টাঙ্গাইল পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় মির্জাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শসভা করেন গয়েশ্বর রায়। মির্জাপুর পৌর বিএনপির সভাপতি বিএনপির মেয়র প্রার্থী হযরত আলী মিঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পরে গয়েশ্বর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বংশাই রোডে দলীয় প্রার্থীর পক্ষে কিছুক্ষণ প্রচারণা চালান।