দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক ভণ্ডামির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, আগে রাজনৈতিক দলগুলো অঘোষিতভাবে প্রার্থীদের সমর্থন দিত। এটি ছিল আইনের সঙ্গে দলগুলোর লুকোচুরি এবং একধরনের রাজনৈতিক ভণ্ডামি।
গতকাল শুক্রবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জাসদের সভাপতি হাসানুল হক বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূল পর্যায়ের বিষয়ে রাজনৈতিক দলগুলো আর উদাসীন থাকতে পারবে না।
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক প্রমুখ। বিজ্ঞপ্তি।