দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদে খালেদা জিয়া
সংসদে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না। কারণ, বাংলাদেশের প্রেক্ষিতে দলীয় সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারে না।’গতকাল শনিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। তিনি এক ঘণ্টা ৫৪ মিনিট বক্তব্য দেন। তিনি বলেন, ‘সরকার বলছে, তাঁরা ক্ষমতায় থেকেই নির্বাচন করবেন। বর্তমান প্রধানমন্ত্রীকে পদে বহাল রেখেই নির্বাচন হবে। এসব যুক্তিহীন ও গায়ের জোরের কথায় সমস্যার কোনো সমাধান হবে না। নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের জন্য ক্ষমতাসীনদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’খালেদা জিয়া বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারসংক্রান্ত ইস্যুর নিরসন ক্ষমতাসীন সরকারকেই করতে হবে। কারণ, সাংবিধানিক সংশোধনী আনার মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা বর্তমান সরকারেরই আছে। তিনি বলেন, সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে একটি সমাধানে পৌঁছা যেতে পারে। এর জন্য প্রয়োজন সংলাপ। আর সরকারের সদিচ্ছা। সরকার যদি নির্দলীয় সরকারপদ্ধতি পুনর্বহাল না করে, তাহলে তা করতে বাধ্য করা হবে।বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনের সময় দ্রুত এগিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত ফয়সালা হলো না, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী দেশের ৯০ শতাংশ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন চায়। তিনি বলেন, ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন যে কারণে আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য ছিল না, সে কারণগুলো এখনো বিদ্যমান, বরঞ্চ পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করেছে। রাজনীতিতে আস্থার সংকট যত দিন থাকবে, তত দিন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

হেফাজতবিরোধী অভিযান গভীর ক্ষতের সৃষ্টি করেছে: বিরোধীদলীয় নেতা বলেন, ‘হেফাজতে ইসলামের ব্যানারে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষদের বিতাড়িত করতে গত ৫ মে দিবাগত গভীর রাতে যে যৌথ অভিযান পরিচালনা করা হয়, তা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। পুরো ঘটনাটির উদ্দেশ্য, প্রকৃতি ও ক্ষয়ক্ষতি এখনো রহস্যের অন্ধকারে ঢাকা।’ তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে, তাতে সন্দেহ-অবিশ্বাস দূর হওয়ার বদলে আরও ঘনীভূত হয়েছে। আলেম সমাজ ওই দিনের ঘটনার যে বর্ণনা দিয়েছে, তা শিউরে ওঠার মতো। ধর্মপ্রাণ মানুষের মনে সৃষ্ট গভীর বেদনাবোধ নিরসনের কোনো চেষ্টা সরকার করছে না। বরং প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা নানা ধরনের উপহাস-পরিহাস ও ব্যঙ্গ-বিদ্রূপাত্মক মন্তব্য করে চলেছেন। এর পরিণাম শুভ হতে পারে না। খালেদা জিয়া বলেন, সরকার বলছে, ওই অভিযানে একটি গুলিও ছোড়া হয়নি। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হতে পারত। কিন্তু ভিন্নমত দমনে সরকার রক্তক্ষয়ী জবাব দিয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পবিত্র ইসলাম, আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে একশ্রেণীর বিপথগামী লোক কুরুচিপূর্ণ কুৎসা রটনা করে। তিনি বলেন, এই ধর্মদ্রোহী ব্লগারদের কেউ কেউ শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিতে থাকে। শাহবাগের সমাবেশের প্রতি সরকারের আনুকূল্য ও সার্বিক সহযোগিতা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। সরকারের সমর্থন ও আশকারাতেই এই ধর্মদ্রোহীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করার সুযোগ পাচ্ছে।

সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয়: বিএনপির চেয়ারপারসন বলেন, এবারের মতো পরিবেশ সংসদে কখনো হয়নি। সংসদ কোনো মেঠো বক্তৃতার জায়গা নয়। কিন্তু যে ভাষায় বক্তৃতা দেওয়া হচ্ছে, তা চরম লজ্জার। সরকারি দলের সাংসদ, মন্ত্রীরা এমনকি সংসদ নেতা পর্যন্ত বিরোধী দল ও জাতীয় নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় যেসব নোংরা ইঙ্গিত করে আসছেন, তাতে রুচিশীল মানুষ মর্মাহত। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার এবং আমার পরিবারের সদস্যদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে, তা শোনারও অযোগ্য। এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত নই। এসব কুৎসিত বক্তব্যের জবাব দেওয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষার বিরোধী। সে কারণে আমরা এবারের সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি।’

খালেদা জিয়া প্রশ্ন রাখেন, জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহূত হচ্ছে, তাতে রাজনীতিবিদদেরকে নাগরিকেরা কী চোখে দেখছেন? নতুন প্রজন্ম কী শিখছে? তিনি বলেন, ‘যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, সংসদীয় রীতিনীতি অক্ষুণ্ন রাখতে চাই, তাহলে এই সংসদের পরিবেশ এতটা কলুষিত কেন হলো—সে প্রশ্নের জবাব খুঁজে বের করতে হবে। কেবল দুই দিকের নবীন সদস্যদের দোষারোপ করে, তাদেরকে ভর্ৎসনা করে, কেবল তাদের কথা এক্সপাঞ্জ করে কোনো লাভ হবে না।’

পদ্মা সেতু: খালেদা জিয়া বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কারণে এ সরকার বাংলাদেশের ললাটে কলঙ্কতিলক এঁকে দিয়েছে। সরকার অস্বীকার করলেও কানাডার আদালতে চলমান বিচার-প্রক্রিয়ায় থলের বিড়াল বেরিয়ে পড়তে শুরু করেছে। বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের এবং তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন কে কত শতাংশ পাবেন বা পেতে যাচ্ছেন, তার হিসাব দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শেয়ারবাজার ও হল-মার্ক প্রসঙ্গে: বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, শেয়ারবাজারে প্রায় লক্ষ কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িতরা চিহ্নিত হলেও সরকারের নিকটজন হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, শেয়ারবাজার থেকে লুট করা টাকা ডলারে রূপান্তর করে বিদেশে পাচার হয়েছে বলে সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা।

খালেদা জিয়া বলেন, সরকারি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে দক্ষ পেশাদার লোকদের নিয়োগের পরিবর্তে অনভিজ্ঞ ও সরকারদলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকগুলোর শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং দুর্নীতি ও লুটপাটের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। হল-মার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, ইউনিপেটুইউ এবং সর্বশেষ বেসিক ব্যাংকে এমন সব মহাদুর্নীতি ধরা পড়েছে, যা আর্থিক খাতের ইতিহাসে আর কখনো ঘটেনি।

গ্রামীণ ব্যাংক ধ্বংসের চক্রান্ত বন্ধ করুন: ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পক্ষে ‘দৃঢ় অবস্থান’ ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, ‘গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মেধায়-শ্রমে-ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে ১৯ টুকরা করার সুপারিশ করেছে। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে।

জিএসপিকে খাটো করে দেখার অবকাশ নেই: খালেদা জিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য জিএসপি সাময়িকভাবে স্থগিত করার বিষয়টিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। তিনি জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, জাপান, কানাডাসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রের প্রতি আমার আবেদন থাকবে, তাঁরা যেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অনুসরণ না করেন।’

বিরোধীদলীয় নেতা বলেন, এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত এবং গার্মেন্টস খাতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

আইন স্বাভাবিক গতিতে চলছে না: খালেদা জিয়া অভিযোগ করেন, বাংলাদেশের আইন এখন আর স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সরকারের ইচ্ছায় আইনের দুই ধরনের প্রয়োগ হচ্ছে। সরকারি দলের জন্য এক রকম এবং বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য অন্য রকম। বিচারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেশ থেকে সুশাসন আজ সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে। বর্তমান সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। সবার মনে রাখা উচিত, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।

জাতীয় ঐক্যের সন্ধান করতে হবে: বিএনপির চেয়ারপারসন বলেন, বিরোধী দল সমালোচনা ও জবাবদিহি করে সরকারকে গণমুখী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সে ভূমিকা বিরোধী দলকে অবাধে পালন করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমরা কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের অতীতের সবকিছুই নির্ভুল ও নিখাদ নয়। আমরা যদি কেবল অতীত চর্চা করতে থাকি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। আমি তাই আজ এখানে কোনো অভিযোগের তির ছুড়তে আসিনি।’

খালেদা জিয়া বলেন, ‘সব মতকে সমন্বিত করে বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে জাতীয় ঐক্যের সন্ধান করতে হবে। বিভক্ত জাতি কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। দেশের মানুষ দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ, বিভাজন চায় না।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল এবং নড়বড়ে। আইনের শাসন নিশ্চিত করে আমরা ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত করতে পারিনি। জাতির সকল অংশের মধ্যকার প্রাণশক্তিকে সমন্বিত করতে পারলেই আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছুতে পারব। এ জন্য প্রয়োজন বৃহত্তর জাতীয় ঐক্য।’