দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, খালেদার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না বলে আবারও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মী ও জনগণকে ভয় পায়। সে জন্য ক্ষমতায় থেকে নির্বাচন দিতে চায়। কিন্তু তা হবে না।
আজ সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের কারামুক্ত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতো অস্ত্র নয়, জনগণ ব্যালটের মাধ্যমে এই সরকারের নির্যাতন-নিপীড়নের জবাব দিতে প্রস্তুত।
খালেদা জিয়া সরকারের প্রস্তাবিত বাজেটকে বড় বাজেট উল্লেখ করে বলেন, এ বাজেট হবে লুটপাটের বাজেট। তিনি অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের মুখোশ পরে চরম স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। শুধু বিরোধীদলীয় নেতা-কর্মী নন, সাধারণ মানুষও এখন নির্যাতিত হচ্ছে। দুর্নীতি ও লুটপাট চলছে। বিনিয়োগ হচ্ছে না।
এ সরকার দেশকে দেউলিয়া করে দিয়েছে বলে খালেদা জিয়া অভিযোগ করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, এ সরকারই শেষ সরকার নয়। আজীবন ক্ষমতায় থাকবেন না।

খালেদা সরকারের উদ্দেশে আরও বলেন, সময় ফুরিয়ে আসছে। তাই সরকারের উচিত মানুষের ভালো চিন্তা করা।

বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এ সরকার যে কাজ করছে, আইনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। এক সময় সরকারকে বিচারিক কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্তব্য করেন তিনি।