দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গত সাড়ে চার বছর বিরোধী দলগুলোর প্রতি যে নির্যাতন চালিয়েছে, তাতে সরকারের প্রতি আস্থার কোনো জায়গা নেই। এ কারণেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটে বিভিন্ন আউলিয়ার মাজার জিয়ারতে এসে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সরকারের আমলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা কোথায়—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়, আর স্থানীয় নির্বাচনের ফলাফলে সরকারের ওপর কোনো প্রভাব পড়ে না। স্থানীয় নির্বাচন এ সরকারের অধীন সুষ্ঠুভাবে হলেও জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।

সংসদে সাংসদদে অশালীন বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘এর দায় সংসদ নেতার। আমাদের কিছু বলার নেই।’

দলীয় সূত্র জানায়, মির্জা ফখরুল গতকাল বেলা ১১টায় ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে আসেন। তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহ পরান (রহ.) ও হজরত বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় সিলেট বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে নির্বাচনের আগেই ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।