দলীয় সরকারের অধীনেই নির্বাচন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। অনির্বাচিত সরকারের অধীনে নয়। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে অনুষ্ঠিত দলের মাদারীপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় থেকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেনি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নির্বাচনকে জনগণের অধিকার হিসেবে দেখে। জনগণ যাঁদের ভোট দেবেন, তাঁরাই ক্ষমতায় যাবেন।

আবার যাতে এক-এগারোর মতো কোনো সরকার ক্ষমতায় না আসে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ওই সরকারের নির্যাতন থেকে দেশের শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিক—কেউই রেহাই পাননি। তারা সবাইকে চোর বানানোর চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘টেলিভিশনে যাঁরা কথা বলেন, তাঁরা সবই পারেন, সবই বোঝেন। এতই যদি পারেন আর বোঝেন, তাহলে দেশ চালাতে পারেন না কেন?’

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন, ক্ষমতায় এসে সব পাল্টে দেবেন। অর্থাৎ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেবেন। পরীক্ষায় ফেলের হার বাড়িয়ে দেবেন। আমরা রেলব্যবস্থার উন্নয়নে আলাদা রেল মন্ত্রণালয় করেছি। তাই তাঁর যাবতীয় গোসসা রেলের ওপর। তিনি রেল ধ্বংস করে যাচ্ছেন। গাড়ি পোড়াচ্ছেন, জানি না পরিবহনে তাঁর কোনো ব্যবসা আছে কি না। দেশ অচল করার জন্য সব চেষ্টাই তিনি করছেন। কিন্তু জনগণের সাড়া পাচ্ছেন না।’

খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘এবার সংসদে না এসে উপায় নেই। না এলে সিট হারাবেন। আর সিট হারালে কী হবে, তা তিনি ভালো করেই জানেন।’

হেফাজতে ইসলাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ধর্মের দোহাই দিয়ে কোরআন পুড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়া চলবে না। যারা কোরআন পেড়ায়, তারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে কীভাবে? এদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দীর্ঘদিন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন দলীয় সভানেত্রী। তিনি রসিকতা করে বলেন, ‘মাদারীপুরের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি, নেই কোনো কমিটি।’ 

জানা গেছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের কমিটি হয়েছিল ১৯৯৭ সালে। তারপর ২০০৬ সালে সম্মেলনের আয়োজন করা হয়। তাতে সভাপতি হিসেবে ফেরদৌস জমাদার ও সাধারণ সম্পাদক পদে সাহাবুদ্দিন মোল্লার নাম প্রস্তাব করা হলেও কেন্দ্রীয় নেতা শাজাহান খান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বাধীন উপদলের কোন্দলে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। তার আগে দলের সাধারণ সম্পাদক উদ্দীপন সরকার মারা গেলে সাহাবুদ্দিন মোল্লা সেই দায়িত্বটি পালন করছিলেন। বছর দুয়েক আগে ফেরদৌস জমাদার মারা গেলে সভাপতির পদটি শূন্য হয়।

সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাহাবুদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও ১২৫টি পরিবারকে আর্থিক সহায়তার চেক : প্রধানমন্ত্রী গতকাল সকালে তাঁর কার্যালয়ে তৃতীয় দফায় রানা প্ল্লাজা ধসে নিহত ব্যক্তিদের ১২৫টি পরিবারের সদস্যের মধ্যে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণকরেন।