গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধ হয়েছে জাতীয়তাবাদী চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায়, যেখানে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু বাংলাদেশ এগুলো অর্জনের পথে না থাকার কারণেই বারবার পথ হারিয়ে ফেলছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের আঞ্চলিক পরিকল্পনা সভায় এসব কথা বলেছেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল শনিবার নগরের ফকিরবাড়ি সড়কে শিক্ষক ভবন মিলনায়তনে এ সভা হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়। আমি মনে করি, দলীয়ভাবে নির্বাচন হওয়া উচিত নয়। এটার নেতিবাচক প্রভাব পড়ছে তৃণমূলে। সংসদ চাইলে এখনো এ আইনটা পরিবর্তন করতে পারে।’
সুজন সম্পাদক বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা ও উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রশ্ন আছে। বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য শুরু হয়েছে। নির্বাচন নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, ক্ষমতাসীন দল থেকে যিনি মনোনয়ন পাচ্ছেন তিনি প্রায় নির্বাচিত হয়ে গেছেন, এখন এমন প্রত্যাশার জন্ম নিয়েছে। ফলে সহিংসতা শুরু হয়ে গেছে।
বদিউল আলম বলেন, নাগরিকদের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে হতে হবে সচেতন। দায়িত্ব পালনের মাধ্যমে সঠিক চিত্র তুলে ধরতে হবে তাদের। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব।
সুজনের বরিশাল সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বরিশাল অঞ্চলের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি নূরজাহান বেগম, সম্পাদক কাজল ঘোষ, মহানগরের সম্পাদক সুশান্ত ঘোষ, ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নারী নেত্রী টুনু রানী কর্মকার, ঝালকাঠি সুজন সভাপতি হেমায়েত হোসেন প্রমুখ বক্তব্য দেন।