দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে সমর্থন আছে জাপার
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তে সমর্থন আছে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা দলটি বলছে, এই সিদ্ধান্ত ইতিবাচক। এ-সংক্রান্ত আইন পাস হলে জাপা তাদের গঠনতন্ত্রেও প্রয়োজনীয় সংশোধনী আনবে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে নানামুখী আলোচনা চলছে। সরকারি দল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি বলেছে, এটি অসৎ পরিকল্পনা ছাড়া কিছু নয়। উন্নত বিশ্বে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন হয়। কিন্তু সেসব দেশে রাজনৈতিক অপচর্চা হয় না। তাই এখানে দলীয় মনোনয়নে ও প্রতীকে স্থানীয় সরকারের সব নির্বাচন হলে রাষ্ট্র ও সমাজ আরও বিভাজিত হয়ে পড়বে।
তবে এমনটি মনে করে না জাপা। এই বিষয়ে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেন জাতীয় থেকে শুরু করে স্থানীয় সব নির্বাচনই রাজনৈতিক কর্মকাণ্ড। এত দিন ধরে স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হয়ে এলেও বিভিন্ন দলের লোকজনই নির্বাচন করে, অনানুষ্ঠানিকভাবে দলই প্রার্থী মনোনয়ন দেয়। রাখঢাক না রেখে প্রকাশ্য আসা ভালো।
জাপার মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলগতভাবে হলে মানুষ আরও বেশি রাজনীতি-সচেতন হবে। নির্বাচনী কর্মকাণ্ডকে সামনে রেখে নিজেদের বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলো একাধিকবার তৃণমূলে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, এত দিন যেহেতু স্থানীয় সরকারের নির্বাচনগুলো দলীয়ভাবে হতো না, তাই এ নিয়ে জাতীয় পার্টির গঠনতন্ত্রেও কিছু বলা নেই। এ-সংক্রান্ত আইন হলে জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
চলতি বছরের ডিসেম্বরে সারা দেশে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে হাতে সময় কম থাকায় সরকার আইনের বদলে অধ্যাদেশ করে ওই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এই অধ্যাদেশ আইনে পরিণত করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের অন্য চারটি আইনও ওই অধিবেশনে পাস হবে। আইনগুলো পাস হওয়ার পর নির্বাচন কমিশন এ-সংক্রান্ত নীতিমালা তৈরি করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।