
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক-প্রশাসনিক যে প্রস্তুতি ও পরিবেশ দরকার, বর্তমানে দেশে তা নেই। তাই তড়িঘড়ি না করে জাতীয় পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি পরীক্ষামূলকভাবে অনুশীলন করে যেতে পারে।
‘দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় কয়েকজন বিশেষজ্ঞ ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা এসব কথা বলেছেন। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এ আলোচনার আয়োজন করে।
মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনায় সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, নীতিগতভাবে তিনি দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধী নন। কিন্তু আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন। মার্চ-এপ্রিলে ইউপি নির্বাচন, যেটি সবচেয়ে কঠিন। দলীয়ভাবে এসব নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দরকার, তা এই সময়ের মধ্যে নেওয়া সম্ভব নয়। সম্ভাব্য প্রার্থী, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের তৃণমূলের নেতৃত্ব, এমনকি ভোটারদেরও নতুন পদ্ধতির নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে।
সাখাওয়াত হোসেন বলেন, সাধারণভাবে জনগণ নির্বাচনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এর মধ্যেও স্থানীয় সরকার নির্বাচনে জনগণের অংশগ্রহণ অনেক স্বতঃস্ফূর্ত হয়। কারণ, এই নির্বাচনে একই বাড়িতে একাধিক প্রার্থীও থাকেন। পাড়া-প্রতিবেশী, আত্মীয়, পছন্দের লোক তো প্রার্থী থাকেনই। তাই এই নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে অনুষ্ঠিত হলে মানুষের ঘরে ঘরে রাজনৈতিক সংঘাত ছড়িয়ে যেতে পারে।
সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের কোনো যুক্তি নেই। এটা করা হলে যেটুকু গণতন্ত্র টিকে আছে, তারও কবর রচিত হবে। এর মাধ্যমে স্থানীয় সরকারে দলতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে। সরকারি দলের বাইরে খুব কম প্রার্থী পাওয়া যাবে। প্রার্থীদের মান কমবে।
যুক্তরাজ্য, ভারত প্রভৃতি দেশে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি এ দেশে খাটে না উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, সেসব দেশে তো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও হয়। কিন্তু এ দেশে তা করতে গিয়ে ২০১৪ সালের জানুয়ারিতে কেমন নির্বাচন হলো? ওই নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ সেভাবে প্রতারিত হতে চায় না।
বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, অলিখিতভাবে স্থানীয় সরকার রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে। কিন্তু দলীয়ভাবে নির্বাচন করতে হলে অনেক বিষয়ে প্রস্তুতি দরকার, যা সময়সাপেক্ষ। তাই সরকার পরীক্ষামূলকভাবে প্রথম বছর শুধু চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন করে দেখতে পারে।
যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানা বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করা দুঃসাধ্য হবে। তা ছাড়া নির্বাচিত ব্যক্তিরা দলনিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না, যা স্থানীয় সরকারের অপরিহার্য বৈশিষ্ট্য। সরকারের উচিত তৃণমূলের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ম্যাবের মহাসচিব ও নাটোরের সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজী বলেন, পরোক্ষভাবে দলীয় পরিচয়েই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। সে হিসেবে সরকারের সিদ্ধান্ত নেতিবাচক নয়। কিন্তু সরকার সিদ্ধান্তটি নিয়েছে একতরফাভাবে, রাজনৈতিক দল বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রকম আলাপ-আলোচনা ছাড়া। ফলে কিছু বিষয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তিনি এ রকম ১৯টি বিষয়ের উল্লেখ করেন। তার মধ্যে আছে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে মনোনয়ন দেবেন কে, কোন প্রক্রিয়ায়। বিদ্যমান স্থানীয় সরকারব্যবস্থা ভেঙে পড়বে কি না। কোনো নির্বাচিত প্রতিনিধি দল ত্যাগ করলে বা বহিষ্কৃত হলে কিংবা দলীয় সিদ্ধান্ত না মানলে কী হবে। তৃণমূল পর্যায়ে সব দলের প্রার্থী মনোনয়ন ও বাছাইয়ে সামর্থ্য আছে কি না। এ ব্যবস্থা স্থানীয় সরকারের ক্ষমতায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আর্থিক বণ্টন নীতিমালায় কোনো ইতিবাচক অবদান রাখবে কি না। পেশিশক্তি ও কালোটাকার ব্যবহার কি কমানো যাবে। প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে। সর্বোপরি মাঠপর্যায়ে ভোট গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু।
আলোচনায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবর রহমান, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর নীনা নাসরিন, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর সাইয়েদা সালমা, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, ভৈরব পৌরসভার কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, দৌলতপুরের ইউপি চেয়ারম্যান আসানুর বিশ্বাস প্রমুখ।