দলীয় অনুষ্ঠান থেকে খোয়া গেল সাংসদের মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ গোলাম মোস্তফা তাঁর মুঠোফোনটি হারিয়েছেন। গতকাল শনিবার তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেখেন পাঞ্জাবির পকেটে রাখা মুঠোফোনটি নেই। দলীয় সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিতে সাংসদ গোলাম মোস্তফা বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আসেন। সেখানে প্রায় দুই শতাধিক দলীয় নেতা-কর্মী ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলার এক ফাঁকে তাঁর পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখেন মুঠোফোনটি নেই। এ সময় মুঠোফোনটিতে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।পরে শোভাযাত্রা শুরুর আগে নেতা-কর্মীদের উদ্দেশে উপজেলা যুবদলের নেতা সিহাব আহামেঞ্চদ বলেন, ‘এমপি সাহেবের মুঠোফোনে অনেক গুরুত্বপূর্ণ নম্বর আছে। মুঠোফোনটি যিনি নিয়েছেন তিনি যেন সিমটি গোপনে দলীয় কার্যালয়ে রেখে যান।’ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘দলীয় অনুষ্ঠানে এসে এমপি সাহেবের মুঠোফোন খোয়া যাওয়ার বিষয়টি আমাদের জন্য লজ্জাকর।’ গোলাম মোস্তফা বলেন, ‘দলীয় কার্যালয়ে এসেই মুঠোফোন দিয়ে একজনের সঙ্গে কথা বলেছি। এরপর দেখি পাঞ্জাবির পকেটে সেটটি নেই।’