রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথরিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ২১টি পদের মধ্যে ১৩টি পদে আওয়ামীপন্থী এবং আটটিতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা জয়লাভ করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার মু. এন্তাজুল হক এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকেরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৪টিতেই আওয়ামীপন্থী শিক্ষকেরা জয়লাভ করেছেন। একটি সদস্য পদে জয়লাভ করেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক শাহ আ জ ম শান্তনু। ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালক ওমর ফারুক সরকার এ ফলাফল ঘোষণা করেন। আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)’ ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)’ সমর্থিত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।