নির্বাচন কমিশনের নতুন বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়। তবুও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়টি ইউপির চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৬ জুন এই উপজেলায় নির্বাচন হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে।উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৯ ও ১০ মে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের মোগরাপাড়ার বাসবভনে তাঁর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়। সেখানে উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান হতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়ার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এতে উপজেলার বারদী ইউপি ছাড়া অন্য নয়টি ইউপিতে দলের একক প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জামপুর ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া, মোগরাপাড়া ইউপিতে সাংসদের চাচা আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউপিতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সনমান্দি ইউপিতে ছাত্রলীগের নেতা শাহাবুদ্দিন শাবু, সাদিপুর ইউপিতে আওয়ামী লীগের নেতা আবদুর রশিদ মোল্লা, বৈদ্যের বাজার ইউপিতে আওয়ামী লীগ-সমর্থক বর্তমান চেয়ারম্যান মাহবুব সরকার, শম্ভুপুরা ইউপিতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা, নোয়াগাঁও ইউপিতে মাওলানা ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউপিতে মোশারফ ওমরের নাম ঘোষণা করা হয়। এদিকে দলের ত্যাগী ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি এ অভিযোগ তুলে উপজেলার সব কটি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা নিজেদের প্রার্থী ঘোষণা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আমিনুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম রুপমসহ একাধিক নেতা জানান, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার নিয়ম নেই। এটি নির্দলীয় নির্বাচন। তাই আমরা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রার্থী হব। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া জানান, নির্দলীয় নির্বাচন হলেও আমরা দলীয় প্রার্থী দিয়েছি, যাতে দলের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ জানায়, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।