বগুড়ার নয়টি পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। এর মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলার কাহালু, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, সারিয়াকান্দি ও গাবতলী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।বগুড়া পৌরসভায় শেষ পর্যন্ত সমঝোতা হওয়ায় বড় দুই দল থেকে আর কোনো প্রার্থী নেই। বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র এ কে এম মাহবুবর রহমানকে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান রেজাউল করিমকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।কাহালু পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনকে মহাজোট সমর্থন দিলেও তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ও কৃষকলীগের নেতা ইউনুছ আলী টনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিএনপি থেকে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আবদুল মান্নানকে সমর্থন দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান, আবদুল হান্নান, রফিকুল ইসলাম তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আবদুল মান্নান রয়েছেন। এ ছাড়া চারদলীয় জোটের শরীক দল জামায়াত ইসলামীর প্রার্থী জহুরুল ইসলাম তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি।ধুনট পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন। আর বিদ্রোহী প্রার্থী হচ্ছেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম ও শফিকুল ইসলাম। এদিকে শনিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করে পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রহমানের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশার নাম পত্রিকায় প্রকাশ করা হয়। তার পরও আওয়ামী লীগের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় শরিফুল ইসলাম, আশেকুর রহমান ও যুবলীগের নেতা বনি আমীন বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়ে গেছেন।শেরপুর পৌরসভায় যুবলীগের নেতা তারিকুল ইসলাম ও বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান জানে আলম তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও মহাজোটের শরীক দল জাতীয় পার্টির হাবিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেননি। এখানে জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সাত্তার এবং শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুণ্ডুকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। এ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন রফিকুল ইসলাম। এ ছাড়া চারদলীয় জোটের শরীক দল জামায়াতের প্রার্থী আফছার উদ্দিন আহম্মেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সহসভাপতি সুশান্ত কুমারকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান মেয়র কামরুল সিদ্দিকি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে মাহমুদ আশরাফের নাম ঘোষণা করা হলেও জাসদ নেতা মাহবুবর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন, মহসীন আলী, ফকির মজিবর রহমান ও জাপার প্রার্থী নুরুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান মেয়র আবদুল হামিদ সরদার। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম। বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি আবদুল ওয়ারেছ। আর বিদ্রোহী প্রার্থী হলেন টিপু সুলতান। গাবতলীতে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান পৌর মেয়র মোরশেদ মিলটনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দলের মধ্যেই একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁরা হচ্ছেন, সাইফুল ইসলাম, আবদুল জলিল, শাহাদত হোসেন। সান্তাহার ও শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। বগুড়ার ছয় পৌরসভায় বিদ্রোহী প্রার্থী থাকায় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ প্রার্থীদের পক্ষ নিয়ে মাঠে নেমে পড়েছেন। গাবতলীর পৌর মেয়র ও প্রার্থী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন বলেন, দলের বাইরে যাঁরা কাজ করবে তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এবারের নির্বাচনে মেয়র পদ প্রার্থী হেলাল উদ্দিন বলেন, দলের বাইরে নির্বাচন করে কেউ ভালো কিছু করতে পারবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও আওয়ামী লীগের একাধিক নেতা জানান, তাঁরা কোন দিকে যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।