দলীয় ও মেয়র পদপ্রার্থীদের অনুগতদের দিয়ে পর্যবেক্ষণ দল গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় ও একাধিক মেয়র পদপ্রার্থীর অনুগত লোকদের দিয়ে পর্যবেক্ষক ও পরিদর্শন দল গঠনের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য প্রার্থীরা। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, পর্যবেক্ষক ও পরিদর্শন দলের সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। কিন্তু এ পরিপত্র মানেননি রিটার্নিং কর্মকর্তা। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ১৭ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক ও পরিদর্শন দল (ভিজিল্যান্স ও অবজারভেশন টিম) গঠন করেন। এর মধ্যে ১ নম্বর দলের সদস্য হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা মহানগরের আহ্বায়ক শফিকুর রহমানের নাম রয়েছে। আমীর আলী চৌধুরী সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হকের নির্বাচনী উপদেষ্টা। আর শফিকুর রহমান কুমিল্লা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি। অন্যদিকে ২ নম্বর দলে আছেন জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা জেলার চেয়ারম্যান বেগম সাইফুন্নাহার মিতা সিকদার। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সিকদারের সহধর্মিণী। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৬-৯৭ সালে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে তিনি প্রচারণায় আছেন। এ ব্যাপারে জানতে চাইলে বেগম সাইফুন্নাহার মিতা সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমাকে রিটার্নিং কর্মকর্তা পর্যবেক্ষক ও পরিদর্শন দলের সদস্য করেছেন। আমি মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। আফজল খানের পক্ষে প্রচারণাও চালাচ্ছি না।’১ নম্বর দলের সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমি কুমিল্লা জেলা জাসদের সভাপতি। এটি নির্দলীয় নির্বাচন। তাই হয়তো রিটার্নিং কর্মকর্তা আমাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন।’ অপর সদস্য আমীর আলী চৌধুরীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি সম্প্রতি সম্মিলিত নাগরিক কমিটির একটি বৈঠকে মুরাদপুরের গ্লোবাল কমিউনিটি সেন্টারে অংশ নেন। জানতে চাইলে মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান বলেন, ‘নিয়মানুযায়ী দলনিরপেক্ষ লোক দিয়ে কমিটি হওয়ার কথা। এ ক্ষেত্রে তা করা না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জাগবে। নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন।’ জানা গেছে, পর্যবেক্ষণ ও পরিদর্শন দলের ১ নম্বর দলটি ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পর্যবেক্ষণ করবে। দলটিতে নয়জন সদস্য রয়েছেন। অন্যদিকে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে ২ নম্বর দলটি নির্বাচন পর্যবেক্ষণ করবে। যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল শনিবার বলেন, ‘এ ধরনের কমিটি নারায়ণগঞ্জেও করা হয়েছিল। কুমিল্লায়ও আমরা সেটি করেছি। তাঁরা তিনজন দলীয় লোক কি না, জানি না।’