দলীয় কর্মীদের হাতে ছুরিকাহত আ.লীগ নেতা
নওগাঁ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদকে গত রোববার একই দলের কর্মীরা ছুরিকাহত করেছেন।
আহত শাকিল জানান, রোববার রাতে তিনি শহর থেকে সুলতানপুরের বাসায় ফিরছিলেন। পার-নওগাঁ এসআর বাস কাউন্টারের পেছনের পুকুরপাড়ে পৌঁছালে রানীনগর উপজেলা আওয়ামী লীগের কর্মী রাঙা, শহরের পার-নওগাঁ মহল্লার আওয়ামী লীগের কর্মী বিহারী শামীম এবং জেলেপাড়া মহল্লার আওয়ামী লীগের কর্মী নান্টু তাঁর গতিরোধ করেন। এরপর তাঁরা তাঁর দুই পায়ের নিচের অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।
তাঁদের সঙ্গে আগে কোনো বিরোধ ছিল কি না জানতে চাইলে শাকিল আহম্মেদ বলেন, ‘দলের কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কেন তাঁরা হামলা করল তা বলতে পারি না।’
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, রাতেই শাকিলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।