দলীয় কর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগ আ.লীগ সম্পাদকের
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু গতকাল শুক্রবার দলীয় কর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগ করেছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে রাখে ও পৌরসভার পানির পাইপলাইন বিচ্ছিন্ন করে দেয়।আক্তারুজ্জামান অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে তিনি শহরের নূর মসজিদ এলাকায় তাঁর বাড়ি থেকে বের হয়ে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নূর মসজিদ মোড়ে দুই যুবক তাঁকে ঘিরে ধরে কিলঘুষি মারেন। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তাঁরা তাঁকে লাথি মারতে থাকেন। তিনি আরও বলেন, এ সময় সাদা পোশাকের পুলিশ সদস্যরা দৌড়ে এসে ওই দুজনকে ধরে ফেলেন। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ তাঁদের ছেড়ে দেন। এলাকাবাসী জানান, আক্তারুজ্জামানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ষাটগম্বুজ ইউনিয়নের দুই হাজারের বেশি নারী-পুরুষ গতকাল বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত খুলনা-বাগেরহাট সড়কের গণবিদ্যালয় থেকে শ্রীঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। এ ছাড়া তাঁরা ষাটগম্বুজ ইউনিয়নের সায়েড়া গ্রামে বাগেরহাট পৌরসভার পানি সরবরাহ পাম্পের পাইপলাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম ও সদর থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন এলাকাবাসীকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।