দলীয় কাউন্সিলরদের ধিক্কার জানালেন সাংসদ একরামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে দলের কাউন্সিলরদের প্রকাশ্যে মাইকে ধিক্কার দিলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।সকাল ১০টায় কাউন্সিলের প্রথম অধিবেশনের কক্ষে কাউন্সিলরদের অনেককেই অনুপস্থিত থাকায় তিনি ধিক্কার জানানোর মধ্য দিয়ে প্রধান বক্তা হিসেবে তাঁর বক্তব্য শেষ করেন।অধিবেশনে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাংসদ একরামুল তাঁর বক্তব্যে কাউন্সিলরদের ধিক্কার জানানো ছাড়াও সকাল ১০টায় কাউন্সিলের পূর্বনির্ধারিত সময়ের মধ্যে দলের উপজেলা কমিটির নেতারা উপস্থিত না হওয়ায় তাঁদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার কঠোর সমালোচনা করেন।সূত্র জানায়, প্রধান বক্তার বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) সাংসদ বীর বাহাদুর উশৈসিংও কাউন্সিলের নির্ধারিত সময়ে অতিথিরা উপস্থিত হলেও দলীয় নেতা-কর্মী ও কাউন্সিলররা উপস্থিত না হওয়ার সমালোচনা করেন।বীর বাহাদুর উশৈসিং বলেন, হরতাল আহ্বান ও নৈরাজ্য সৃষ্টি করে জামায়াত-শিবির দেশের বর্তমান প্রজন্মকে তাদের সম্পর্কে একটি নতুন শিক্ষা দিয়েছে। তারা প্রমাণ করেছে, এখন এমন নৈরাজ্য সৃষ্টি করতে পারলে স্বাধীনতাযুদ্ধের সময় কতটা ভয়ংকর ছিল। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেওয়ার সময় হওয়া জামায়াত-শিবির এখন পাগলের মতো হয়ে গেছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাদের রুখতে হবে।নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম।কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজহারুল হক, শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম দলিলুর রহমান প্রমুখ। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাফর আহমদ চৌধুরী সভাপতি ও আবু জাফর সাধারণ সম্পাদক দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।