দলীয় কার্যালয় বাঁচিয়ে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর মাসজুড়েই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশ। তবে দোকানপাট, ঘর উচ্ছেদ করলেও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রভৃতি সংগঠনের নামে গড়ে তোলা কার্যালয়গুলো ভাঙা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এসব কার্যালয় সরিয়ে নিতে কয়েক দিন সময় দেওয়া হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার শিল্পাঞ্চলের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সামনের ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে থাকা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের একটি কার্যালয় বাদে বাকি সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জনতার দাবি ও উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে দলীয় কার্যালয়টিও উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ মাসের শুরু থেকে তেজগাঁও শিল্পাঞ্চল ও বেগুনবাড়ি এলাকার সড়কের দুই পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ও ডিএনসিসি। ৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) থেকে সিদ্দিক মাস্টার ঢাল পর্যন্ত শতাধিক দোকানপাট, ঘর উচ্ছেদ করা হয়। অথচ ফুটপাতে গড়ে ওঠা অন্তত তিনটি দলীয় কার্যালয় ভাঙা হয়নি।
গতকাল শিল্পাঞ্চল এলাকা ঘুরে দেখা যায়, নাবিস্কো মোড় থেকে কিছুটা ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের ২৪ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর ইউনিটের কার্যালয়, বিটাকের মোড় থেকে একটু সামনে এগোলেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট কার্যালয় সবই ফুটপাতের ওপরে। এসব কার্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কার্যালয়গুলো রয়েই গেছে।
এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, কার্যালয়গুলো সরিয়ে নিতে তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে।
চাপের মুখে অবৈধ কার্যালয় উচ্ছেদ: গতকাল সকালে টিসিবি মোড়ের আশপাশে উচ্ছেদ করে ডিএনসিসি। অভিযানের শুরুতে রাস্তার দুই পাশের ফুটপাত এবং পাশের বেশ কিছু কাঁচাপাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়। বেশ কিছু স্থাপনা ভাঙলেও ২৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট আওয়ামী লীগের অফিস না ভেঙে সামনের দিকে চলে যান সিটি করপোরেশনের কর্মকর্তারা।
আরও কিছু স্থাপনা ভেঙে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। তিনি জানান, তেজগাঁও এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবেই এই অভিযান। গত দুই দিনে এই এলাকার স্থায়ী ও স্থায়ী প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি জানান।
এ সময় আওয়ামী লীগের কার্যালয় না ভাঙার কারণ জানতে চান সাংবাদিকেরা। তখন ম্যাজিস্ট্রেট জানান, এটাও ভাঙা হবে। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে মোবাইল ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। কথা বলা শেষে চলে যাওয়া পে-লোডার এবং বুলডোজার ডেকে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেগুলো ফিরে আসার পর বেলা একটার দিকে দলীয় কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় সড়কের দুই পাশের ফুটপাতের ওপর থাকা প্রায় ২০০ অস্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বনানী ও ফার্মগেটে জরিমানা: নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার গতকাল বনানী এলাকায় অভিযান চালিয়ে তিনটি রেস্তোরাঁ ও দুটি হার্ডওয়্যারের দোকানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন। রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে তিনটি মামলা করা হয়।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ফার্মগেট ও গ্রিনরোড এলাকার পাঁচটি রেস্তোরাঁর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি মামলা এবং ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।