দলীয় কার্যালয়ে যেতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধার কারণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল শনিবার নোয়াখালীর সেনবাগে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির বিবদমান দুটি পক্ষ।
দলীয় সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে পদবঞ্চিত কিছু নেতা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের বিপক্ষে অবস্থান নেন। পরে তাঁরা জয়নুল আবদিন ফারুকের চাচাতো ভাই আবদুল্লা আল-মামুনের নেতৃত্বে মাঠে নামেন।
সূত্র জানায়, গতকাল সেনবাগ দক্ষিণ বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভার অনুমতি চেয়ে গত শুক্রবার থানায় আবেদন করে দুই পক্ষ। জয়নুল আবদিন ফারুকের পক্ষে পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম এবং অপর পক্ষে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল এই আবেদন করেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ কোনো পক্ষকে কর্মসূচির অনুমতি দেয়নি।
স্থানীয় সূত্র জানায়, পৃথক কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাত থেকে পৌর শহরের আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিএনপির কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা তিনটার দিকে ফারুকের পক্ষ বিন্নাগনি ও অর্জুনতলা এলাকায় এবং মামুনের পক্ষ উত্তর সাহাপুর ও কাদরা এলাকায় জড়ো হয়। কিন্তু পুলিশের তৎপরতার কারণে কোনো পক্ষ সামনে এগোয়নি। বিকেল চারটার দিকে ফারুকের পক্ষের লোকজন বিন্নাগনি থেকে মিছিল নিয়ে থানার মোড়ে এলে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আর মামুনের পক্ষের লোকজন উত্তর সাহাপুর ও কাদরা বোর্ড অফিস এলাকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
আবদুল্লা আল-মামুন প্রথম আলোকে বলেন, পুলিশের বাধার কারণে তাঁরা দলীয় কার্যালয় থেকে অল্প দূরে কর্মসূচি পালন করেছেন।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী বলেন, প্রশাসনের বাধার কারণে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা যায়নি। পরে ছমির মুন্সীরহাট বাজারে আলোচনা সভা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিএনপির দুই পক্ষ দলীয় কার্যালয়ে আলোচনা সভা করতে চেয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, বিকেলে এক পক্ষ পৌরশহরে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত।