দলীয় কোন্দল, বগুড়ায় আ.লীগের সদস্য সংগ্রহ অভিযান ভেস্তে যাচ্ছে
দলীয় কোন্দলের কারণে বগুড়ায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন সদস্য সৃষ্টি করতে বলা হয়েছিল। কিন্তু নেতারা তা না করে পুরোনোদেরই সদস্য করছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে দেড় বছরেও এই অভিযান শেষ হয়নি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সদস্য সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, সদস্য সংগ্রহ অভিযান চলছে। একটি ওয়ার্ডে দলের অনেক সমর্থক থাকে। সেখানে মাত্র ১০০ ফরম দেওয়ায় অনেকেই সদস্য হতে পারেনি। এ কারণে এমন অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করে। এ সময় জেলার ১০৮টি ইউনিয়নের ৯৭২টি এবং ১২টি পৌরসভায় ১২০টি ওয়ার্ডে ২২ হাজার নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। গত বছরের ৩০ জুনের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার কথা ছিল। কিন্তু এখনো অনেক ওয়ার্ড রয়েছে, যেখানে কার্যক্রম শুরুই হয়নি। দলীয় সূত্রে আরও জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সঙ্গে পাঁচটি উপজেলায় দলের নেতা-কর্মীদের বিরোধ দেখা দেওয়ায় তাঁদের সদস্য সংগ্রহের ফরম দেওয়া হয়নি। উপজেলাগুলো হচ্ছে গাবতলী, নন্দীগ্রাম, শিবগঞ্জ, শাজাহানপুর ও বগুড়া সদর।জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর পক্ষের লোকদের কথামতো পাঁচটি উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। আগের কমিটির সদস্যরা ওই কমিটি মেনে নিতে পারেননি। তাঁরা সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা নিজেদের এখনো কমিটির নেতা বলে দাবি করেন।মমতাজবিরোধী গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল বারী বলেন, তাঁদের কাছে সদস্য সংগ্রহ করার কোনো ফরম দেওয়া হয়নি। মমতাজের পক্ষের একই উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভাপতি এ এইচ আযম খান বলেন, তাঁরা ফরম পাওয়ার পর সেগুলো ইউনিয়ন পর্যায়ে পাঠিয়ে দিয়েছেন। মমতাজ উদ্দিন দাবি করেন, স্থানীয় নেতাদের পরামর্শক্রমে তিনি পাঁচটি উপজেলার কমিটি ভেঙে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ এসব কমিটি স্থবির হয়ে পড়ায় উপজেলা কমিটির আহ্বানে তা বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁদের হাতেই ফরম দেওয়া হয়েছে।জেলার অন্য উপজেলাগুলোতে ফরম দেওয়া হলেও ইউনিয়ন পর্যায়ে গিয়ে তা কেউ পেয়েছে, আবার কেউ পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, সদস্য সংগ্রহ অভিযান নিয়ে দলের নেতারা সবকিছু কুক্ষিগত করে রেখেছেন। তাঁদের মনোনীত লোকদের এসব ফরম দেওয়া হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানে বলা হয়েছে, নতুন সদস্য সংগ্রহ করতে হবে। কিন্তু দেখা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পুরোনা সদস্য নতুন করে সংগ্রহ করে তাঁদের দিয়ে কমিটি করার চেষ্টা করছেন। কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ জানান, তাঁর উপজেলায় সবেমাত্র সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সব ইউনিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছে সদস্য ফরম। নভেম্বরের মধ্যে কার্যক্রম শেষ হবে। কাহালু পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। উপজেলা সভাপতি তাঁকে কিছুই জানায়নি। এ জন্য পৌরসভার কোনো ওয়ার্ডে সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা সম্ভব হয়নি।