দলীয় কোন্দলকেই কারণ মনে করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ্ হত্যাকাণ্ডের পেছনে দলীয় কোন্দলই প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। গত বুধবার বিকেলে রাজধানীর জুরাইন কমিশনার রোডে গাড়িচালক হারুন অর রশীদসহ আওয়ামী লীগের এ নেতা খুন হন।ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, দলীয় কোন্দলসহ চারটি কারণকে সামনে রেখে তাঁরা তদন্ত করছেন। তিনি জানান, ঢাকা সিটি করপোরেশনের ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন মোহাম্মদ উল্লাহ্। এটা নিয়ে বিরোধ থাকতে পারে। আবার গ্রেট ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের পরিচালনাকারীদের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। পূর্ব জুরাইনে সালাহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব জুরাইন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ করায় তাঁর বিরুদ্ধে সাবেক সাংসদ সালাহ উদ্দিন হাইকোর্টে রিট করেন। খুন হওয়ার আগে মোহাম্মদ উল্লাহ্ সন্ত্রাসীদের হুমকির ব্যাপারে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে তিনি জানান।স্থানীয় একজন আওয়ামী লীগের নেতা প্রথম আলোকে বলেন, ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে সম্ভাব্য একাধিক প্রার্থী ছিলেন। তাঁরা মোহাম্মদ উল্লাহ্র নির্বাচন-প্রস্তুতির বিষয়টি মেনে নিতে পারছিলেন না। মোহাম্মদ উল্লাহ্র ভাই সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তাঁর ভাই খুন হয়েছেন।স্থানীয় লোকজন জানান, জুরাইনে গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামে একটি নামসর্বস্ব কোম্পানির পরিচালক ইমু ও রাজীব অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যান। মোহাম্মদ উল্লাহ্ কোম্পানির পরিচালক ইমুর বাবা কায়িম উদ্দিনকে ধরে তাঁর কাছ থেকে স্ট্যাম্পে জোর করে সই নিয়ে তাঁর জামাতার নামে নিবন্ধন করান। এটা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।মোহাম্মদ উল্লাহ্ খুন হওয়ার আগে ১২ ফেব্রুয়ারি কদমতলী থানায় তাঁকে হুমকি-ধমকির বিষয়ে জিডি করেছিলেন। ওই জিডিতে তিনি উল্লেখ করেন, ডাকাত শহীদের নাম করে মুঠোফোনে তাঁকে দুই দফা হুমকি দেওয়া হয়। তাঁর কাছ থেকে এক কোটি টাকা চাঁদাও দাবি করা হয়। জিডির তদন্তকারী কর্মকর্তা ও কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, দেশের বাইরের দুটি মুঠোফোন নম্বর থেকে মোহাম্মদ উল্লাহেক হুমকি দেওয়া হয়। একটি ফোনের কোনো নিবন্ধন ছিল না। এ কারণে হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাড়িচালক হারুন অর রশীদের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে কদমতলী থানার কর্তব্যরত এসআই জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।